রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিও পোস্ট করে হুমকি, অভিযোগ প্রক্টরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিও পোস্ট করে হুমকি, অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সমাপনী উপলক্ষে ছাত্রী হলের সামনে নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় এক শিক্ষার্থীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন একই হলের আরেক শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ইবাইদুর রহমান খান শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইবাইদুর মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হলের ২২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্তদের পরিচয়

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন একই হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাজহারুল, নাইমুল ইসলাম, নাফিউল ইসলাম ও রিপন। এর মধ্যে নাফিউল শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগের বিবরণ

লিখিত অভিযোগ ও হল সূত্রে জানা যায়, হল সমাপনী উপলক্ষে হবিবুর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী আনন্দ-উল্লাসের সময় তাপসী রাবেয়া হলের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণ করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে ইবাইদুর ওই ভিডিওটি ‘অশ্লীল’ ক্যাপশনসহ নিজের ফেসবুকে পোস্ট করেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে কল করে দ্রুত হলে দেখা করতে বলেন এবং পাঁচ মিনিটের মধ্যে না এলে বিছানাপত্র কক্ষের বাইরে ফেলে দেওয়ার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, ইবাইদুর হলে গেলেও এক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের কেউ দেখা করতে আসেনি। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন নম্বর থেকে একাধিকবার কল করে তাকে ‘তিন টুকরা করে তিন ব্লকে ছড়িয়ে দেওয়া হবে’, ‘ভিসি-প্রভোস্ট কেউ কিছু করতে পারবে না’ এবং ‘কোনো অবস্থাতেই হলে থাকতে পারবে না’ বলে হুমকি দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন চৌধুরী উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। তবে নিরাপত্তাশঙ্কায় ইবাইদুর বর্তমানে হলের বাইরে অবস্থান করছেন।

ভুক্তভোগীর বক্তব্য

ইবাইদুর রহমান খান বলেন, ‘গতকাল প্রাধ্যক্ষ স্যার ও প্রক্টর স্যার আমাদের নিয়ে আলোচনায় বসেছিলেন। আমি আমার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আমাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই নিরাপত্তা চেয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযুক্তদের প্রতিক্রিয়া

অভিযোগের বিষয়ে নাফিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। শুক্রবার রাতে ঝামেলার কথা শুনে সেখানে যান। বিষয়টি হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ওই ছাত্রের। এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

অভিযুক্ত নাইমুল ইসলাম বলেন, ‘আমার নম্বর থেকে কোনো হুমকি দেওয়া হয়নি। কোনো প্রমাণও দেখাতে পারবে না। আমার নম্বর থেকে কল দেওয়া হয়েছিল, তবে কথা বলেছেন জীবন (নাফিউল) ভাই। সে যে গালিটি দিয়েছে, সে জন্য তাকে ডেকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এটা পুরো ব্যাচের সিদ্ধান্ত ছিল।’

আরেক অভিযুক্ত মাজহারুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত রিপন বলেন, তাঁর নম্বর থেকে কল দেওয়া হয়েছিল। তবে অন্য কেউ কথা বলেছেন। তখন সবাই উত্তেজিত ছিল। কে কথা বলেছেন, তা মনে করতে পারছেন না।

প্রক্টরের বক্তব্য

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল হল প্রশাসন বসেছিল। সেখানে ওই শিক্ষার্থী তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি সেখানেই সমাধান হওয়ার কথা ছিল। এরপরও কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

হলের প্রাধ্যক্ষের বক্তব্য

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ওই শিক্ষার্থীকে হলে থাকতে বলা হয়েছে। সিনিয়র শিক্ষার্থীরাও জানিয়েছে, তারা তাকে ক্ষমা করে দিয়েছে।’