গত ২৯ মার্চ মারা যান পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর শোক সামলে ধীরে ধীরে কাজে ফিরেছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময়’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলামেলা কথা বলেছেন রাহুলের মৃত্যু, তাঁর মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
কাজই সেরা থেরাপি
প্রিয়াঙ্কা জানান, রাহুলের মৃত্যুর পর তিনি দ্রুতই কাজে ফিরে যান। তাঁর মতে, কাজ অনেকটা থেরাপির মতো কাজ করেছে। তিনি বলেন, ‘নিজেও জানি না কেমন আছি এই মুহূর্তে। নানা সময়ে নানা রকম আছি। কখনো খুব দুর্বল লাগছে, আবার কখনো নিজেকে খুব শক্ত মনে হচ্ছে। কাছের মানুষ, কাজের জায়গা থেকে শক্তি খুঁজে নিতে হচ্ছে। অনেকেই জানতে চাইছেন কেমন আছি! এ প্রশ্নের সত্যিই কোনো উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। কাজই আমার থেরাপি। কোনো চরিত্র হয়ে ক্যামেরার সামনে এসে যখন দাঁড়াই, সেটা হলো প্রিয়াঙ্কার সবচেয়ে অথেনটিক সত্তা। তখন আমি বাকি সবকিছু সুইচ অফ করে দিই। সে কারণেই কাজটা করতে ভীষণ উপভোগ করি। আর আমি তো একা কাজ করি না। অনেকে থাকেন, কাজের একটা আলাদা পরিবেশ থাকে। সব মিলিয়ে আমি কিছুক্ষণের জন্য হলেও সবকিছু থেকে দূরে থাকতে পারি। ঠিক সে জন্য কাজটা করতে আমি ভীষণ উপভোগ করি। কাজের চেয়ে ভালো থেরাপি সত্যিই আর অন্য কিছু নেই।’
সন্তান সহজকে সময় দেওয়া
কঠিন সময় সামলে নেওয়া, বিশেষ করে সন্তান সহজকে সামলানো প্রিয়াঙ্কার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে সামলে ওঠার চেষ্টা করছি। আমার মনে হয় সেই জায়গাটা দেওয়া সবচেয়ে জরুরি। আমিও কাজে ফিরেছি। সহজও স্কুলে যাওয়া শুরু করেছে। পড়াশোনা নিয়ে সময় কাটাচ্ছে। আমি সত্যিই জানি না সহজ কেমন আছে। কারণ, আমি যেটাই বলব, সেটা অনুমান করে বলা হবে। সেটা উচিত হবে না। আমি সহজকে সময় দিয়েছি। ওর নিজের ভাবনাগুলোকে একটু গোছাতে শিখুক। সহজের যদি মনে হয় এই সময়টা ও কীভাবে মোকাবিলা করল সেটা বলতে চায়, তখন নিজেই বলুক। তার আগে নয়। আমরা শুধু চেষ্টা করছি একে-অন্যের সঙ্গে বন্ধুর মতো থাকতে। সেটা শুধু সহজ নয়। গোটা পরিবার, কাছের মানুষদের ক্ষেত্রেও সেটা জরুরি। যে যার নিজের মতো করে বিষয়টি বুঝে ওঠার চেষ্টা করছি।’
রাহুলের পডকাস্ট ‘সহজ কথা’ চালিয়ে নেওয়া হবে না
রাহুলের পডকাস্ট ‘সহজ কথা’ অনেক ভক্তের কাছেই প্রিয় ছিল। মৃত্যুর পর অনেকেই প্রিয়াঙ্কাকে অনুরোধ করেছেন পডকাস্টটি চালিয়ে নিয়ে যেতে। কিন্তু প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন, তিনি আর সেখানে হাত দেবেন না। তিনি বলেন, ‘প্রত্যেককে ধন্যবাদ “সহজ কথা”কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখনো ভালোবাসা পাচ্ছে। আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, এই অনুষ্ঠানে রাহুলের যে সৃজনশীল অবদান, ওর তৈরি করা বন্ধুত্ব, রাহুলের হাস্যরস, লেখা, পড়াশোনা এগুলোই থেকে যাক। সহজ কথার সাফল্যের নেপথ্যে রাহুলের অনেক গবেষণা, পড়াশোনা রয়েছে। যেটা একেবারেই সহজ ছিল না। সেটা আলাদা সম্মান দাবি করে। তাই আমি আর সেখানে হাত দেব না।’



