২০১৭ সালে নির্মিত টেলিফিল্ম ‘বড় ছেলে’ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ সময় পর সেই ‘বড় ছেলে’-কে মনে করিয়ে দিল বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন ও ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রচার হওয়া এই নাটকটি এখন প্রায় শেষের পথে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচার করা হয়। আর মাত্র দুটি পর্ব পরই আসবে এর মহা অন্তিম পর্ব।
ধারাবাহিকটির শেষ পর্যায়ে এসে দর্শকদের আবেগে ভাসাচ্ছে প্রতিটি পর্ব। বিশেষ করে ৪৯ ও ৫০তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে দর্শকদের কান্না আর প্রশংসার ঢল নেমেছে। এই সাফল্যের কেন্দ্রে উঠে এসেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। নাটকের আবেগঘন অভিনয়ের জন্য ইরফান সাজ্জাদ এখন প্রশংসায় ভাসছেন। সামাজিক মাধ্যমে ইরফানের অভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নেটিজেনরা নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে ইরফানের সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন।
এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে নাটকের কিছু দৃশ্য শেয়ার করে ইরফান লেখেন, ‘সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল ‘বড় ছেলে’ দেখে। সেই ‘বড় ছেলে’ অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস। এরকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে”! আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।’ অভিনেতা আরও যোগ করেন, ‘অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’
শুধু অপূর্বই নন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ধারাবাহিকটির প্রশংসা করে এটিকে “ইতিহাস গড়া কাজ” বলে অভিহিত করেছেন। এক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য অভিনন্দন। এর অনেকটা কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। গত পর্বটি দর্শকদের মনে এক অনন্য প্রভাব ফেলেছে। এই ভালোবাসা অকৃত্রিম, যা দীর্ঘস্থায়ী হতে চলেছে।’ মেহজাবীনের সেই মন্তব্যে পাল্টা ভালোবাসা জানিয়েছেন ইরফান সাজ্জাদও।
পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন আর আবেগের গল্পে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, দর্শকদের অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকের শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে।



