শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় সুনিধি নায়েকের আলোচিত উপস্থিতি
ঢালিউড তারকা শাকিব খানের সাম্প্রতিক সিনেমা ‘রকস্টার’-এ অভিনয় ও গানের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েক। এই সিনেমায় তাঁর অভিনয় ও গান প্রশংসিত হয়েছে। অনেকে সমালোচকই এই সিনেমার অন্যতম ভালো দিক হিসেবে সুনিধিকে তুলে ধরেছেন। ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় সুনিধির গাওয়া ‘ও যে মানে না মানা’ গানের কয়েকটি লাইন ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
জীবনসঙ্গী অর্ণবের সঙ্গে কোক স্টুডিও বাংলায় সাফল্য
সুনিধি নায়েক সাধারণ মানুষ অর্ণবের স্ত্রী হিসেবে বেশি চিনলেও তিনি একাধারে এসরাজবাদক, মডেল ও অভিনেত্রী। জীবনসঙ্গী অর্ণবের সঙ্গে জুটি বেঁধে গাওয়া ‘সন্ধ্যাতারা’ গানটি কোক স্টুডিও বাংলার অন্যতম সফল প্রযোজনা। ইউটিউবে কোক স্টুডিও বাংলা চ্যানেল থেকে এই গান এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি।
শান্তিনিকেতনে সংগীতচর্চা ও অর্ণবের সঙ্গে পরিচয়
পশ্চিমবঙ্গের আসানসোলে বেড়ে ওঠা সুনিধি নায়েকের সংগীতজীবনের ভিত শান্তিনিকেতনে। সেখানে তিনি রবীন্দ্রসংগীতের পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতেও তালিম নেন। সেখান থেকেই অর্ণবের সঙ্গে পরিচয়, পরিণয়। ২০২০ সালে অর্ণবকে বিয়ে করার পর তিনি বাংলাদেশেও নিয়মিত কাজ করতে শুরু করেন। সময়ের সঙ্গে বাংলাদেশেও নিজ শিল্পসত্তার গুণে জনপ্রিয়তা অর্জন করেছেন সুনিধি।
প্রথম একক অ্যালবাম ‘আড়ালে’ ও বিতর্কের জবাব
২০২৪ সালে তিনি প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘আড়ালে’। সম্প্রতি ‘মেঘ’ গান নিয়ে বিতর্ক দেখা দিলে সুনিধি নায়েক বলেন, ‘হ্যাঁ, তাঁর (অর্ণব) সব গান সমান ভালো হয়নি, হবেও না। কারণ, তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনোই শুধু তাঁর সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না। তাঁর ব্যর্থতাগুলোও তাঁর যাত্রারই অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।’
দুই বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত জীবন
‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে সুনিধিকে এপার বাংলা, ওপার বাংলা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘দুটো বাংলাই আমার কাছে সমান, একই। আমি বুঝি না আমাদের দুটো বাংলার মাঝে কেন একটা কাঁটাতার আছে।’ সুনিধি পোষা প্রাণী ভালোবাসেন। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পোষা প্রাণীর সঙ্গে ছবি দেন। বই পড়ার ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বইয়ের মতোন বিশ্বস্ত বন্ধু আর হয় না।’



