চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও ফুটবল নিয়ে বিশেষ ‘ইত্যাদি’ পর্ব শুক্রবার
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও ফুটবল নিয়ে ‘ইত্যাদি’ পর্ব

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব আগামীকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার করা হবে। এবারের পর্বটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও ফুটবলকে কেন্দ্র করে সাজানো হয়েছে।

ঐতিহাসিক আম্রকাননে ধারণকৃত পর্বের অংশ

২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে ঐতিহাসিক আম্রকাননে ইত্যাদির একটি বিশেষ পর্ব ধারণ করা হয়েছিল। প্রকৃতির অপার সৌন্দর্য আর প্রাচীন বরেন্দ্র অঞ্চল ও গৌড়-সুলতানী আমলের গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী সেই আম্রকাননের কিছু অংশ এবারের সংকলিত পর্বে দেখানো হবে।

ফুটবলের আবহে সাজানো আয়োজন

এবারের পর্বটি সাজানো হয়েছে ফুটবলের আবহে, যেখানে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল অংশ যুক্ত করা হয়েছে। এ ছাড়া নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ দেখা যাবে ‘নানি-নাতি’, ‘মামা-ভাগ্নে’ এবং ‘চিঠিপত্র’ বিভাগ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন

পর্বটিতে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও তার বিখ্যাত ‘আম’ নিয়ে দুটি তথ্যবহুল প্রতিবেদন রয়েছে। এ ছাড়া ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন থাকছে। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর একটি অনুকরণীয় প্রতিবেদন রয়েছে, যাকে ১৯৯৫ সালে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রিসের ইভজোন্স সেনাদল নিয়ে ডকু-ফিচার

প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পর্বতময় ও দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী এথেন্সে। সেখানে গ্রিসের বিখ্যাত ‘ইভজোন্স’ নামক সেনা দলের ওপর একটি দারুণ ডকু-ফিচার প্রদর্শিত হবে।

গম্ভীরা ও নৃত্য পরিবেশনা

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তাদের দল চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশের লোকসংগীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছে। তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি জমজমাট নৃত্য পরিবেশিত হবে। পাশাপাশি রয়েছে একটি ব্যতিক্রমী বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা হয়েছে। এই ড্রামাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।