ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার গান ‘আমায় ভাসাইলিরে’
ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার গান

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার প্রমোদশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’ প্রকাশিত হয়েছে। আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা এই শিল্পী।

গানের আবহ ও শিল্পী

পল্লীকবি জসীম উদদীনের কালজয়ী লেখনীর একটি লাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই গান। লাবিক কামাল গৌরবের সংগীতায়োজনে গানটিতে ফজলুর রহমান বাবু কণ্ঠ দিয়েছেন। গানটি নদী, ভাসমান মানুষ ও জীবনের অনিবার্য যাত্রার স্মৃতিকাতরতা বহন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিচালকের বক্তব্য

সিনেমার পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “এটি কেবল প্রচারের স্বার্থে তৈরি কোনো গান নয়; বরং সিনেমাটির আবহ, চরিত্রের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের গভীর অনুভূতিকে দর্শকদের হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি শৈল্পিক ভাষা।” তিনি আরও বলেন, “‘মাস্তুল’ সিনেমার প্রচারের প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল সিনেমাপ্রেমী দর্শকদের সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমার গল্প

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নুরাকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের সমীকরণ ধরে পর্দায় উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব আর টিকে থাকার গল্প। গানটি সেই রূঢ় বাস্তবতার আবহকে আরও গভীরে নিয়ে গেছে বলে মনে করছেন নির্মাতারা।

অভিনয়শিল্পী ও আন্তর্জাতিক সাফল্য

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, ‘মাস্তুল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে এটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার অর্জন করেছে।