মঞ্চে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পেছনে ফরিদুর রেজা সাগরের নতুন বইয়ের প্রচ্ছদ।
প্রচ্ছদের গুরুত্ব
বইয়ের জন্য প্রচ্ছদ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেছেন, ‘প্রচ্ছদ ছাড়া বই হয় না। প্রচ্ছদ ডাক দেয়, প্রচ্ছদ চিনিয়ে দেয়। প্রচ্ছদ বলে এসো। তারপরে না বই।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’ নামের বইয়ের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান অভিনেতা-নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।
আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্য
অনুষ্ঠানে ব্যক্তিগত স্মৃতিচারণা, সাহিত্যচর্চা ও লেখক হয়ে ওঠার অভিজ্ঞতা মিলিয়ে দীর্ঘ আড্ডাধর্মী বক্তব্য দেন আবদুল্লাহ আবু সায়ীদ। বই প্রকাশের আগেই প্রচ্ছদ উন্মোচনের আয়োজন নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। এমন ঘটনাকে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ (ব্রিটিশ লেখক লুইস ক্যারল রচিত একটি কালজয়ী শিশুতোষ উপন্যাস) এর একটি দৃশ্যের সঙ্গে তুলনা করেন। যেখানে একটি বিড়াল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেও তাঁর হাসি রয়ে যায়। সেই প্রসঙ্গ টেনে রসিকতার সুরে তিনি বলেন, ‘এ কেমন বই, যার বই নেই; কিন্তু প্রচ্ছদ আছে!’
‘প্রিয়জন আপনজন’ বইটি সম্পর্কে লেখক ফরিদুর রেজা সাগর বলেন, বইটিতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের বিখ্যাত ১০০ জন মানুষের কথা বলা হয়েছে।
লেখক ফরিদুর রেজা সাগর প্রসঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, কেউ লেখক হওয়ার পরে লেখে আর কেউ লিখতে লিখতে লেখক হয়। তাঁর ভাষ্য, কিছু মানুষের ভেতরে আগে থেকেই লেখার রসদ তৈরি থাকে, পরে সেটি বই হয়ে প্রকাশ পায়। ফরিদুর রেজা সাগর তেমনই একজন।
প্রচ্ছদ উন্মোচনের বিশেষ কারণ
‘প্রিয়জন আপনজন’ বইটি সম্পর্কে লেখক ফরিদুর রেজা সাগর বলেন, বইটিতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের বিখ্যাত ১০০ জন মানুষের কথা বলা হয়েছে। বইটির প্রচ্ছদ উন্মোচনের আয়োজনের পেছনে বিশেষ কারণের কথাও জানান লেখক। বলেন, শিল্পী আফজাল হোসেন তাঁর প্রায় ৩০টি বইয়ের প্রচ্ছদ করেছেন। তবে প্রায় প্রতিটি কাজেই আফজাল হোসেনের দেরি করার অভ্যাস ছিল। তবে এবারের অভিজ্ঞতা ছিল উল্টো। বই লেখা শেষ হওয়ার আগেই আফজাল হোসেন একাধিক প্রচ্ছদ তৈরি করে ফেলেছিলেন। তাই প্রচ্ছদটাই প্রথম সবার সামনে নিয়ে আসা।
বইটির প্রচ্ছদ করেন শিল্পী আফজাল হোসেন।
বইটির প্রচ্ছদ শিল্পী আফজাল হোসেন বলেন, বই প্রকাশের আগেই প্রচ্ছদ উন্মোচন বাংলাদেশের জন্য নতুন ঘটনা। বইয়ের প্রচ্ছদকে কেন্দ্র করে এমন আয়োজন হওয়ায় ভালো লাগার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি ভালো বইয়ের জন্য ভালো প্রচ্ছদও গুরুত্বপূর্ণ।
ফরিদুর রেজা সাগরের প্রসঙ্গ টেনে আফজাল হোসেন বলেন, তিনি অনেক মানুষকে চিনেছেন এবং তাঁদের নিয়ে লেখার কথা ভেবেছেন, যাতে একটি সময়কে ধরে রাখা যায়।
অনুষ্ঠানের অন্যান্য অংশ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, ইমদাদুল হক মিলন, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, শাইখ সিরাজ, জিল্লুর রহমান, ছড়াকার আমীরুল ইমলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা ব্রাউনিয়া। গান পরিবেশন করেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।



