সরকারিভাবে ছাপানো নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (৭ মে) অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান। এই তথ্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।
নোটিশে কী বলা হয়েছে?
নোটিশে বলা হয়, দীর্ঘদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো নতুন নোট অসাধু ব্যক্তি দালাল চক্র— কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে খোলা বাজারে দর কষাকষির মাধ্যমে অতিরিক্ত মূল্যে বিক্রি করে যাচ্ছে। বিশেষ করে ঈদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই অবৈধ কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গত ঈদে ব্যাংক থেকে অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংকে নতুন টাকা সংগ্রহ করতে গিয়ে খালি হাতে ফেরত এসেছেন।
আরও বলা হয়, এই ধরনের কর্মকান্ড দেশের প্রচলিত আইন, আর্থিক শৃঙ্খলা এবং সাধারণ জনগনের ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। যার দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারে না। অথচ দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে মুদ্রা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত থাকা সত্ত্বেও এই অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। যা জনস্বার্থের পরিপন্থি ও দায়িত্ব পালনের চরম অবহেলার সামিল।
১৫ দিনের মধ্যে জবাব চেয়েছেন আইনজীবী
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিতরণ করা নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা করা হবে কিনা? ব্যাংকগুলোতে নতুন নোট বিতরণে পৃথক ডেস্ক স্থাপন বা কঠোর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে কিনা? এই বিষয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে। ব্যর্থতায় প্রচলিত আইন অনুযায়ী আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এই আইনজীবী।



