আগামীকাল আসছে ‘গানপোকা’র প্রথম গান। ছবি: রাশিদের সৌজন্যে
ব্যান্ড হিসেবে ‘গানপোকা’ যতটা না পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তাদের গান। সময়ের সঙ্গে সঙ্গে ব্যান্ডটির একেকটি গান শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি’ গানটি অনেক আগেই ভক্তদের পছন্দের গান হয়ে ওঠে। সেই ব্যান্ডের প্রথম গান এবার সামনে আসছে।
দীর্ঘ ১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই গানের দলের পথচলা। শুরুতে কয়েকজন শিক্ষার্থী মিলেই গড়ে তোলেন এই ব্যান্ড দল। প্রথম দিকে ক্যাম্পাসে গান গেয়েই তারা পরিচিতি পায়। পরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে যেতে থাকে তাদের গান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তারা কনসার্ট করা শুরু করে।
‘গানপোকা’ ব্যন্ডদলের সদস্যরা। ছবি: রাশিদের সৌজন্যে
নিয়মিত গানের সঙ্গে থাকলেও এই ব্যান্ডের কোনো গানই এত দিন অফিশিয়াল স্টুডিও ভার্সনে প্রকাশ পায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গানপোকা ঘোষণা দিয়েছে, তাদের প্রথম অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশের। ব্যান্ডের অন্যতম ভোকাল রাশিদুজ্জামান রাশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘ প্রস্তুতি নিয়েই গানের অ্যালবাম তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু করোনা–পরবর্তী সময়ে আমাদের কাজে কিছুটা ভাটা পড়ে। যে কারণে এতটা দেরি হলো। এখন নিয়মিত আমরা গান প্রকাশ করব।’
রাশিদ জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত গান ‘গতি জড়তা’ মুক্তি পাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে। গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং ভিডিওটির অ্যানিমেশন করেছেন মুস্তাকিম আলভী।
দলের সদস্যরা। ছবি: রাশিদের সৌজন্যে
কেন প্রথম গান প্রকাশের জন্য মে দিবস বেছে নিলেন—এমন প্রশ্নে রাশিদ জানান, তাঁরা নিজেদের গানের শ্রমিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শ্রমিকদের মেধা ও শ্রমের প্রতি সম্মান জানাতেই এ দিনটি নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশের একটি প্রতীকী উদ্যোগ এটি।
রাশিদুজ্জামান রাশিদ বলেন, ‘আমরা গানের মধ্য দিয়েই নিজেদের বক্তব্য প্রকাশ করি। ফোক, সচেতনতার বার্তাসহ সব ধরনের গানই আমাদের পছন্দের তালিকায় রয়েছে। গানকে কখনোই শুধু পণ্য হিসেবে দেখিনি। যতক্ষণ পর্যন্ত গান আমাদের যাপন, অনুভব আর অন্তর্গত যন্ত্রণাকে প্রকাশ করতে পারছে না, ততক্ষণ পর্যন্ত আমরা শব্দ আর সুরের ভেতর খোঁজ চালিয়ে যাই।’
আরও পড়ুন
‘গানবাজ’-এ আজ গানপোকা
১৪ মার্চ ২০১৯
কনসার্টের ফাঁকে দলের সদস্যরা। ছবি: রাশিদের সৌজন্যে
গানপোকা ব্যান্ডের সদস্যরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘গতি জড়তা’ দিয়েই মূলত তাদের প্রথম অফিশিয়াল অ্যালবাম এগিয়ে চলেছে। তবে পুরো অ্যালবাম একসঙ্গে প্রকাশ না করে প্রতিটি গান আলাদাভাবে মিউজিক ভিডিওসহ দর্শকদের জন্য সামনে আনতে চান। রাশেদ জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রথম অফিশিয়াল রিলিজ—এটি শুধু একটি গান প্রকাশ নয়, বরং গানপোকার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
সর্বশেষ রাশিদ জানান, এই দীর্ঘ যাত্রায় গানপোকা তাঁদের দুজন সদস্যকে হারিয়েছে। এর মধ্যে ‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক একটি দুর্ঘটনায় মারা যান। এ ছাড়া আরেক গীতিকার হাসনাত প্রধান এক বিরল রোগে মারা যান। তাঁর লেখা ‘নদী’ গানটি প্রশংসা পায়। প্রথম অ্যালবামটি তাঁদের নামেই উৎসর্গ করা হয়েছে। এর আগে ‘ও নদী, বন্ধুয়ার খবর এনে দে’, ‘পিরিতি নয় আমার কাজ’ গানগুলো দিয়েও প্রশংসিত হয়েছিল।
ব্যান্ডের সদস্যদের মধ্যে রাশিদুজ্জামান রাশিদ (ভোকাল ও দোতারা), মিথুন হাসান (খমক ও ভোকাল), রওশন কবির বিপুল (দোতারা), নাজমুল নিশান (পারকেশন), আবদুল্লাহ আল নোমান (বেজ গিটার), বেনামচন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু (ড্রামস), অনিন্দ্য বিশ্বাস (গিটার)।
রাশিদুজ্জামান রাশিদ। ছবি: গায়কের সৌজন্যে
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
গান থেকে আরও পড়ুন
সংগীত শিল্পী
ভাইরাল গান
বাংলা গান



