মে দিবসে ফিরছে বটতলার আলোচিত নাটক ‘বন্যথেরিয়াম’
মে দিবসে ফিরছে বটতলার ‘বন্যথেরিয়াম’

বিরতির পর আবারও মঞ্চে ফিরছে নাট্যদল বটতলার আলোচিত নাটক ‘বন্যথেরিয়াম’। মে দিবসকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর মহিলা সমিতিতে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বটতলা জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি দেখা যাবে।

নাটকের গল্প ও নির্মাণ

সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে ‘বন্যথেরিয়াম’-এর নাট্যরূপ দিয়েছেন ইভান রিয়াজ, তিনিই নাটকটির নির্দেশনাও দিয়েছেন। নাটকের গল্পে দেখা যাবে, প্রাণিবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশন এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পায়। পরে কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে সেটিকে ধরে আনা হয়। এমন বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। এরপর বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি সেখানে এসে আরও ট্যাঁশ গরুর সন্ধান দাবি করে।

এরই মধ্যে গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাই নিয়ে আসে আরও অদ্ভুত বন্যপ্রাণী ও প্রকৃতির সন্ধান। তার কাছ থেকে প্রফেসরের রহস্যময় অভিযানের গল্প শুনে হারু ও মিস হুক্কি নতুন ব্যবসার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। তারা তখন অক্সিজেন, খাদ্যচক্র এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ভুলে গিয়ে সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফার স্বপ্ন দেখতে থাকে। চন্দ্রখাইও গল্পের আড়ালে এগিয়ে নিতে থাকে নিজের চূড়ান্ত উদ্দেশ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্দেশকের বক্তব্য

নাটকটি নিয়ে নির্দেশক ইভান রিয়াজ বলেন, “তখন ২০১৬ সাল। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী বিভিন্ন প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন তীব্র ছিল। ঠিক সেই সময়েই আমার হাতে আসে সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’।” তিনি আরও বলেন, “ভিন্নধর্মী একটি গল্পের মাধ্যমে প্রাণ-প্রকৃতি নিয়ে কথা বলা যাবে ভেবেই কাজটি শুরু করি। ছড়াগুলো পড়তে পড়তে ট্যাঁশ গরুর ধারণা আসে। এরপর ‘বোম্বাগড়ের রাজা’ ছড়াটিও গল্পের অংশ হয়ে ওঠে। এভাবেই তৈরি হয় ‘বন্যথেরিয়াম’।” তিনি আশা প্রকাশ করেন, “মে দিবসের ছুটির দিনে শিশু ও অভিভাবকরা মিলেই নাটকটি উপভোগ করবেন।”

অভিনয় ও দল পরিচিতি

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহবুব মাসুম, মোহাম্মদ আলী হায়দার, সুমিত তেওয়ারি রানা, আশরাফুল ইসলাম অশ্রু, লায়কা বশীর, তৌফিক হাসান ভূঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, জেঈরান জুহী, লোচন পলাশ, সবুজ সরকার, কাজী রোকসানা রুমা, আফনান রহমান, অন্তু চন্দ্র নাথ, ফিরোজ শেখ ও মনিরা খাতুন সৃষ্টি।

২০০৮ সালের ২৭ আগস্ট যাত্রা শুরু করে নাট্যদল বটতলা। এই দীর্ঘ সময়ে দলটি মঞ্চে এনেছে ‘ক্রাচের কর্নেল’, ‘সখী রঙ্গমালা’, ‘খনা’, ‘রাইজ অ্যান্ড শাইন’, ‘সোহোতে মার্ক্স’, ‘বন্যথেরিয়াম’, ‘জতুগৃহ’সহ বহু আলোচিত নাটক। গত বছরের ২৯ আগস্ট সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ‘বন্যথেরিয়াম’-এর।