ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’। চলচ্চিত্রটির প্রচারণায় অনলাইনে সরব দেখা গেলেও বাস্তবে কোথাও দেখা যায়নি বুবলিকে। ‘প্রেশার কুকার’-এর রেশ কাটতে না কাটতেই খবর পাওয়া গেছে, আসন্ন মে মাসেই মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকা অভিনীত আরও দুটি চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক’ ও ‘সর্দারবাড়ির খেলা’।
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘ফ্ল্যাশব্যাক’
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে বুবলি অভিনীত টলিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল ছবিটির মুক্তি। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল—কবে বড় পর্দায় আসবে এই থ্রিলারধর্মী সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
জানা গেছে, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে। এই সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হচ্ছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলির।
‘ফ্ল্যাশব্যাক’-এর গল্প ও চরিত্র
কেমন গল্পের চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক’? কেমন চরিত্রেই বা টলিউডের পর্দায় অভিষেক ঘটছে বুবলির? চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও সাংবাদিক খায়রুল বাশার নির্ঝর বাংলাট্রিবিউনকে জানান, ‘ফ্ল্যাশব্যাক’ মূলত বর্তমানের সংকটের মধ্য দিয়ে অতীতকে অনুসন্ধানের গল্প। সিনেমায় শবনম বুবলির চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। তার সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। গল্পে তিন ভিন্ন মানুষের জীবন একসময় পাহাড়ি এক জনপদে এসে মিলিত হয়, যেখান থেকে শুরু হয় নতুন মোড় ও জটিলতা।
‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি ৮ মে
এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।
বুবলি বর্তমানে যুক্তরাষ্ট্রে
দুই চলচ্চিত্র মুক্তির এমন গরম খবর বাতাসে ভাসলেও নায়িকা বুবলির কোনো হদিস নেই। জানা যায়, তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গুঞ্জন রয়েছে, সন্তান ধারণের জন্য তিনি নিজেকে আড়াল করেছেন। তবে এর সদুত্তর মেলেনি কোথাও। এ প্রসঙ্গে বাংলাট্রিবিউনের পক্ষ থেকেও বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি বুবলিকে।
তবে বুবলি না থাকলেও চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক’-এর প্রচারণায় থাকবেন অন্যান্য অভিনয়শিল্পীরা। চলচ্চিত্রের প্রচারণায় বুবলির বিকল্প কি? এ প্রসঙ্গে নির্ঝর বলেন, “বুবলি এ সিনেমা নিয়ে খুবই আন্তরিক ছিলেন প্রথম থেকেই। তার ব্যাপক সহযোগিতা পেয়েছি আমরা। তবে রিলিজে যেহেতু বিলম্ব হলো, রিলিজের সময় তিনি থাকতে পারবেন কিনা জানি না। বুবলি না থাকতে পারলেও সিনেমার অন্য অভিনেতারা—কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস, রজতাভ দত্ত—সময় দেবেন।”
সব মিলিয়ে আড়াল কবে ভাঙবেন বুবলি, এ নিয়ে চিন্তায় পড়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও।



