মেরিল প্রথম আলো পুরস্কারে লালগালিচায় তারকাদের মজার গল্প
মেরিল প্রথম আলো পুরস্কারে লালগালিচায় তারকাদের মজার গল্প

মেরিল প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের উপস্থিতি ছিল নানা রঙে সাজানো। কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের আগে লালগালিচায় জমে ওঠে তারকাদের আড্ডা। তাদের সেসব টুকরো মজার গল্প নিয়ে এই আয়োজন। দেখুন প্রথম পর্ব।

বাবার সঙ্গে তৌসিফ মাহবুব

লালগালিচায় বাবা-ছেলের জুটি চোখে পড়ে। ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব বাবাকে নিয়ে গাড়ি থেকে নামেন। টিমের একজন তাঁকে ব্লেজার পরিয়ে দিতে আসেন। কিন্তু পরানোটা ঠিকঠাক হচ্ছিল না দেখে এগিয়ে আসেন অভিনেতার বাবা মাহবুবুর রহমান। নিজেই ছেলেকে পরিয়ে দেন ব্লেজার। এরপর বাবা–ছেলে হাঁটেন লালগালিচায়।

নায়িকার খোঁজে মুকিত জাকারিয়া

লালগালিচায় এসেই অভিনেতা মুকিত জাকারিয়া কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান। পাশ থেকে একজন জিজ্ঞেস করেন, ‘ভাই কাউকে খুঁজছেন?’ এই অভিনেতা মজা করে বলেন, ‘ভাই, সুন্দরী নায়িকা খুঁজছি। দেখি কেউ আছে কি না। তাঁর সঙ্গে ছবি তুলব। আমার সঙ্গে তো সুন্দরী নাই। একা কি ছবি তোলা যায়!’ পরে হেসে একাই অবশ্য দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজমেরী হক বাঁধনের ছবি তোলা

দূর থেকেই ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যামেরা ধরে ইশারা করতেই বলেন, ‘কোথায় দাঁড়াব?’ সেভাবে দাঁড়িয়েও যান। ছবি দেখে পছন্দ হয় না। আবার দাঁড়ান লালগালিচায় আর বলেন, ‘ভাই ছবি যেন ভালো হয়।’ পরে ফ্রেমবন্দী হওয়া ছবি দেখে খুশি হয়ে লালগালিচা ছাড়েন।

সুমাইয়া শিমুর যমজ ভাগনের কথা

বাসায় যমজ সন্তান রেখে এসেছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ফ্রেমবন্দী হওয়ার ফাঁকে হেসে বলেন, ‘এরপর কিন্তু আর একা আসা যাবে না। এরপর আপনাদের ভাগনেরা আসবে। দুই দুষ্টুকে এই প্রোগ্রামে এনে ছেড়ে দিতে চাই। দেখব কী করে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মারিয়া শান্ত: ‘আমি সিঙ্গেল’

লালগালিচার পাশে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মারিয়া শান্ত। কারও জন্য অপেক্ষা করছেন কি না, জিজ্ঞেস করতেই হেসে জানান, ‘কার জন্য অপেক্ষা করব, আমি তো সিঙ্গেল। কে আসবে? গাড়িতে পার্স রয়েছে। নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।’