মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের শুরুতেই লালগালিচায় জমে যায় তারকাদের আড্ডা। তারকাদের সেসব টুকরা মজার গল্প নিয়ে এই আয়োজন। দেখুন প্রথম পর্ব।
দিলারা জামানের আবেগ
গাড়ি থেকে নেমেই হেসে লালগালিচায় এলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। হাত বাড়িয়ে বললেন, ‘এখনো বেঁচে আছি। কত দিন আর আসতে পারব! তবে যত দিন শক্তি আছে, আসব। সবার সঙ্গে দেখা হয়, না এসে আর পারি না। দোয়া কইরো যেন আগামীবারও আসতে পারি।’
জেফার ও রাফসানের হাসি
দূরে কেনবিয়ের পর প্রথমবার স্বামীকে নিয়ে লালগালিচায় হাঁটলেন গায়িকা জেফার রহমান। তখন জেফারের দিকে ক্যামেরা। পাশ থেকে জেফার তাঁর স্বামী রাফসান সাবাবকে ডাকলেন, ‘এই তুমি দূরে দাঁড়িয়ে আছ কেন, কাছে আসো। পরে আবার একা ছবি দেখে বলবে, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। দ্রুত আসো।’ হেসে একসঙ্গে দাঁড়িয়ে গেলেন তাঁরা।
দুই রিপনের প্রথমবার
একসঙ্গে এসেছিলেন দুই রিপন। অভিনেতা ও নির্মাতা রওনক রিপন, অভিনেতা ও গায়ক হাসনাত রিপন। প্রায় সারাক্ষণই একসঙ্গে ছিলেন। জানালেন, দুজনই এসেছেন প্রথমবার। তাঁরা ব্যাচমেট।
‘থুক্কু’ মজা
একসঙ্গে অনেকটা আড্ডা দেওয়ার ভঙ্গিতেই লালগালিচায় এলেন অভিনেতা ফারুক আহমেদ ও পরিচালক অনিমেষ আইচ। এসেই ফারুক আহমেদ বললেন, ‘আমরা দুজন একসঙ্গে আসছি। আমাদের বউ নাই, থুক্কু আমার বউ আছে, দাদার (অনিমেষ আইচ) নাই। আমরা কি ছবি তুলতে পারব?’ পরে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে।
‘উড়াল’ টিমের মজা
একসঙ্গে এসেছিলেন উড়াল টিমের অভিনয়শিল্পী ও প্রযোজকেরা। চারজনের সঙ্গে এক নায়িকা। আগেই তাই প্রযোজক ও অভিনেতা শরীফ সিরাজ বলে রাখলেন, ‘ভাই, আমাদের দলে পুরুষের সংখ্যা বেশি। আসলে আমাদের সিনেমায় নায়কের সংখ্যাও বেশি। নায়িকা একটাই। এখন ব্যালেন্স করে ছবি তোলেন।’



