দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।
বিশ্বজুড়ে মুক্তি
শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। সিনেমায় তুলে ধরা হয়েছে গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত।
মাইকেলের জীবন
এ সিনেমার মাধ্যমে মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন। কিংবদন্তি এ তারকা ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতপ্রেমী পরিবারে ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক তৈরি হয় মাইকেলের।
সংগীত জীবনের শুরু
মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল তার ভাইদের সঙ্গে নিয়ে গঠিত সংগীত দল 'দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো চার্ট-টপিং গান উপহার দেয়।
একক ক্যারিয়ার ও থ্রিলার
১৯৭১ সালে এ পপসম্রাট এককভাবে গান গাওয়া শুরু করেন। তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘থ্রিলার’ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয় যা ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত।
মৃত্যু ও বায়োপিক
২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ তাই নানা নাটকীয়তায় ভরপুর। বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। কিংবদন্তির শৈশব, কৈশোর, তারুণ্যময় জীবন আর দুর্দান্ত স্টেজ পারফরম্যান্সকে এক সুতায় বেঁধে চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান।
অভিনয়শিল্পী
প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীরা।



