যুক্তরাষ্ট্রের স্বাধীনতা কনসার্ট সংকটে, ট্রাম্প প্রশাসন চাপে
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা কনসার্ট সংকটে, ট্রাম্প চাপে

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্ট সিরিজটি বড় ধরনের সংকটে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ওয়াশিংটনের ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশাসন বেশ কয়েকজন বড় তারকার নাম ঘোষণা করলেও, একের পর এক পারফর্মার অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোয় পুরো আয়োজনটি এখন হুমকির মুখে।

তারকাদের প্রত্যাহার

শুক্রবার (২৯ মে) গ্ল্যাম রকার ব্রেট মাইকেলস এবং কান্ট্রি মিউজিক তারকা মার্টিনা ম্যাকব্রাইড এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। এর আগে পপ ও সোল গ্রুপ ‘কমোডোরস’ এবং আরও দুটি দল এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। ফলে গত বুধবার (২৭ মে) ঘোষিত মূল তালিকার ৯টি পারফর্মার দলের মধ্যে এখন মাত্র ৪টি দল অবশিষ্ট রয়েছে।

বর্তমানে টিকে থাকা এই ৪টি দলের মধ্যে রয়েছে ভ্যানিলা আইস, সি+সি মিউজিক ফ্যাক্টরি, ফ্লো রিডা এবং আশির দশকের বিখ্যাত পপ জুটি ‘মিলি ভ্যানিলি’-র বেঁচে থাকা একমাত্র সদস্য। উল্লেখ্য, এই দলগুলোর কেউই গত এক দশকেরও বেশি সময় ধরে কোনো নতুন হিট গান উপহার দিতে পারেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রেট মাইকেলসের বক্তব্য

১৯৮০-র দশকের জনপ্রিয় ব্যান্ড ‘পয়জন’-এর ফ্রন্টম্যান ব্রেট মাইকেলস কনসার্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে গত শুক্রবার তার ফেসবুক পেজে জানান, এই সিদ্ধান্তটি তার জন্য বেশ কঠিন ছিল। তিনি বলেন, ‘আমার গান কখনোই রাজনীতি নিয়ে ছিল না। আমার শো-র মূল উদ্দেশ্যই হলো মানুষকে এক জায়গায় নিয়ে আসা, যাতে তারা জীবনের সব মানসিক চাপ ভুলে কয়েকটা ঘণ্টা মনের আনন্দে কাটাতে পারেন। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে প্রথমে এটিকে দেশের একটি সাধারণ উদযাপন হিসেবে উপস্থাপন করা হলেও, দিনশেষে এটি চরম বিভেদমূলক এক রাজনৈতিক রূপ ধারণ করেছে—যার অংশ আমি হতে চাইনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্টিনা ম্যাকব্রাইডের প্রতিক্রিয়া

অন্যদিকে পুরস্কারজয়ী কান্ট্রি গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমাকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য প্রমাণিত হয়েছে।’

অন্যান্য বয়কট

এর আগে র্যাপার ইয়াং এমসি, প্রিন্সের সাবেক সহযোগী মরিস ডে অ্যান্ড দ্য টাইম এবং গ্র্যামিজয়ী ব্যান্ড কমোডোরস এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয়। কমোডোরস তাদের ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দেয়, ‘আমরা এই অনুষ্ঠানে পারফর্ম করছি না। আমরা সব আমেরিকানদের মঙ্গল ও উন্নতি সমর্থন করি।’

রাজনৈতিক প্রতিক্রিয়া

শিল্পী ও তারকাদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী ডেমোক্রেটিক পার্টিও। তারা ট্রাম্পের ঘোষিত ৯ জন পারফর্মারের একটি ছবি পোস্ট করে, যেখানে বাতিল হওয়া ৫ জন শিল্পীর ছবির ওপর লাল কালির ‘X’ চিহ্ন দেওয়া ছিল।

বিকল্প আয়োজন

এদিকে এই সংকটের ঠিক বিপরীতে, গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তি গায়ক ব্রুস স্প্রিংস্টিন এক কনসার্টে ঘোষণা করেছেন, আগামী ৩ অক্টোবর তিনি ওয়াশিংটন এলাকায় ‘পাওয়ার টু দ্য পিপল’ উৎসবে ফিরছেন। সেই অনুষ্ঠানে ফু ফাইটার্স, ডেভ ম্যাথিউস, জোয়ান বায়েজ এবং পাবলিক এনিমির মতো বর্তমান সময়ের শীর্ষ সারির তারকা ও ব্যান্ড দলগুলো পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়েছে।

সূত্র: জাপান টুডে