গতকাল বুধবার সকালে কলকাতার হিন্দুস্তান পার্কের একটি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্তের। সংকটজনক অবস্থায় তাঁকে প্রথমে উদ্ধার করে ঢাকুরিয়াসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে এসএসকেএম হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
রাতে প্রকাশিত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বাঁ দিকের মাথার খুলির হাড় ভাঙা, বাঁ দিকের পাঁজর ভেঙেছে এবং বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। বাঁ দিকের মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পরিচালক চার তলার ছাদ থেকে পড়ার সময় আবাসনসংলগ্ন গাছের ডাল ভেঙে মাটিতে পড়েন। তাঁর মরদেহ আপাতত এসএসকেএম হাসপাতালে শায়িত রয়েছে। রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে প্রয়াত পরিচালকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁকে শ্রদ্ধা জানান।
সুইসাইড নোট উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যা মেয়ের উদ্দেশ্যে লেখা। মেয়ে সুইডেনে থাকেন। নোটে কাউকে দোষ দেওয়া হয়নি। ছাদে একটি ম্যাগাজিনের মধ্যে একটি খাম থেকে নোটটি পাওয়া যায়। সিসিটিভিতে পুরো ঘটনা দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। হিন্দুস্তান পার্কের আবাসনে ঢুকে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে না গিয়ে সোজা ছাদে উঠে যান অনীক, এরপরই ঘটে এই অঘটন।
অনীক দত্তের চলচ্চিত্র জীবন
২০১২ সালে 'ভূতের ভবিষ্যৎ' ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক শ্লেষ ফুটিয়ে তোলা এই ছবিটি বাংলা চলচ্চিত্রে মাইলস্টোন হিসেবে বিবেচিত হয়। একই ধাঁচে তাঁর পরের ছবি 'আশ্চর্য প্রদীপ'-এও একই বার্তা দিয়েছিলেন পরিচালক অনীক।



