পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। তবে গতকাল সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির ছিলেন না নায়িকা ববি। এতে রেগে গেলেন ছবিটির নায়ক ও প্রযোজক মুন্না খান।
ক্ষুব্ধ মুন্না খান
সংবাদ সম্মেলনে ববির অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে মুন্না খান বলেন, ‘প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতিতে লিখিত দরখাস্ত করব। প্রয়োজন হলে ঈদের পরে আদালত খুললে আমি নায়িকা ববি হকের নামে মামলা করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি।’
তিনি আরও জানান, ববি তাকে কালকে বলেছিলেন আসবেন, কিন্তু শেষ পর্যন্ত আসেননি। ‘সে আমাকে কালকেও বলেছে আসবে। আমার কাছে রেকর্ড (কল) আছে। কেন সে প্রেস কনফারেন্সে আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা, নাকি? আমরা তাঁকে যে সম্মানটুকু দিয়েছি, মনে হয় না আর কোনো প্রযোজনা প্রতিষ্ঠান তাঁকে দিয়েছে।’
বাজেট ও অতিরিক্ত খরচ
মুন্না খান দাবি করেন, ‘তছনছ’ ছবিটির বাজেট ৪ কোটি টাকা। তিনি আরও জানান, ববির কারণেই ছবিতে ৮০ লাখ টাকা বেশি খরচ হয়েছে। ‘আমি সব রেকর্ড করে রেখেছি। আমি কিন্তু মুন্না খান, সব জায়গায় ফাজলামি চলে না। দুই ঘণ্টা আগেও বলছে, অন দ্য ওয়ে। তাকে তো আমরা পেমেন্ট এক টাকাও কম দিইনি। বরং হিসেবের বাইরেও তার পেছনে কমপক্ষে আরও দুই লাখ টাকা বেশি খরচ করেছি। এই নায়িকা ববির জন্য এই সিনেমায় ৮০ লাখ টাক বেশি গিয়েছে।’
এদিকে, মুন্না খানের এই হুঁশিয়ারি ও অভিযোগ নিয়ে ঢালিউড অঙ্গনে চলছে নানা আলোচনা। আগামী দিনে এই ঘটনা কী রূপ নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে সিনেমাপ্রেমীরা।



