আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। চ্যানেলটিতে প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’।
হিমির অভিনয়ে ‘কাজের মেয়ে’
কাজের মেয়ে চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ইতিমধ্যেই ঈদের বিশেষ এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন।
বিনোদনের গল্পে জীবনবোধ
ঈদের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী বিনোদন অভিজ্ঞতা।
নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি। নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।
নির্মাতা মিতুল খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।



