জনপ্রিয় ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্ত বাড়ির ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, স্ত্রী দেখা না করার পরই তিনি ছাদে চলে গিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে কী ঘটেছিল তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। বুধবার (২৭ মে) দুপুরে স্থানীয় হাসপাতালে কলকাতার এই নির্মাতার মৃত্যু হয়েছে বলে খবর নিশ্চিত করেছে সংবাদ প্রতিদিন, এই সময়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম।
পুলিশের প্রাথমিক তদন্ত
পুলিশ সূত্রে জানা গেছে, অনীক দত্তের মরদেহের পকেটে একটি প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা ডিপ্রেশনের জন্য দেয়া হয়। এছাড়া বুধবার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনীক দত্ত। স্ত্রী কাজে ব্যস্ত থাকার জন্য দেখা করেননি বা সময় দেননি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ঘটনার বিবরণ
গণমাধ্যমে জানানো হয়, বুধবার অনীক দত্ত হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান। ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। পরে সেখানেই তার মৃত্যু হয়।
পরিচালকের মৃত্যুর এই ঘটনা এখন তদন্তাধীন। পুলিশ স্ত্রীর বক্তব্য ও অন্যান্য তথ্য সংগ্রহ করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।



