মালিক সিনেমার আইটেম গান ‘গুলগুলি পিঠা’ প্রকাশ
আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘মালিক’ সিনেমার প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতীক হাসান। সংগীত পরিচালনা ও সুর করেছেন অদিত রহমান, আর গানের কথা লিখেছেন লুৎফর হাসান। আইটেম গানটিতে পারফর্ম করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
গানের শুরুতে ভিন্ন লুকে মিম
গানটির শুরুতেই ঐতিহ্য ও ফিউশন ধাঁচের পোশাকে হাজির হন বিদ্যা সিনহা মিম। তার নাচ ও উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। এরপর রাগেড লুকে এন্ট্রি নেন আরিফিন শুভ। দুজনের রসায়নও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
দীর্ঘদিন পর বড় পরিসরের নাচের গানে দেখা গেল মিমকে। অন্যদিকে অ্যাকশনধর্মী চরিত্রে শুভর উপস্থিতি গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে।
সোশ্যাল মিডিয়ায় আলোচনা
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। অনেক দর্শক মন্তব্য করছেন, গানটি যেন ঈদের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। আরিফিন শুভ ফেসবুকে গানটি শেয়ার করে সিনেমার ক্যারেক্টারের ভাষায় লিখেছেন, “ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন, ‘মালিক’ আইতাছে ঈদে।”
অন্যদিকে মিমের রিঅ্যাকশন-বুম! সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি একজন একরোখা মানুষের গল্প নিয়ে নির্মিত, যিনি ধীরে ধীরে অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। তবে সেই যাত্রায় তিনি লড়াই করেন ন্যায় ও অধিকারের পক্ষেও।



