আফরান নিশোর সাক্ষাৎকার: বাবু ভাই আর মাসুদ দুটো চরিত্রই ফাঁপরের
আফরান নিশোর সাক্ষাৎকার: বাবু ভাই আর মাসুদ ফাঁপরের

বাবু ভাই আর মাসুদ: দুটোই ফাঁপরের চরিত্র

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বলেছেন, তিনি যে দুটি চরিত্রে অভিনয় করেছেন—‘মরীচিকা’ নাটকের ‘বাবু ভাই’ এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘মাসুদ’—দুটোই বিশাল ফাঁপরের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাটকে মরীচিকার ‘বাবু ভাই’ আর সিনেমায় সুড়ঙ্গর ‘মাসুদ’। যদি বাবু হয়, সে তো টপ টেরর, পালিয়ে গেছে। তার একটা বিপত্তি আছে। অন্যদিকে মাসুদ হলে, সে একজন সাধারণ মানুষ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, বউকে মেরে ফেলেছে। এরপর পুলিশের কাছে ধরা পড়বে কি পড়বে না, পরিণতি কী হবে—আত্মশুদ্ধির জন্য কি ধরা দেবে, নাকি পালিয়ে বেড়াবে—দুটি চরিত্রই বিশাল ফাঁপরের। ঘুম থেকে উঠে যদি দেখি আমিই দুইটা চরিত্র হয়ে গেছি, তাহলে সত্যিই তো ফাঁপরে পড়ে যাব!’

ফেসবুকে ফেক আইডি নিয়ে তর্ক করেন না

ফেসবুকে নিজের পক্ষে ফেক আইডি থেকে তর্ক করার প্রশ্নে নিশো জানান, তিনি ফেসবুক খুব একটা ব্যবহার করেন না। বলেন, ‘ফেসবুকে যাও থাকি, দেখা হয় অভিনয়–সম্পর্কিত ও গাড়িবিষয়ক অনেক কিছু। ফেসবুক আমার খুব একটা পছন্দের মাধ্যমও নয়। যেখানে আমি নিজের আইডিই ব্যবহার করি না, সেখানে ফেক আইডি দিয়ে তর্ক করার প্রশ্নই আসে না।’

টিভি রিমোটের নিয়ন্ত্রণ পেলে প্রথমে বিনোদন চ্যানেল

যদি এক দিনের জন্য বাংলাদেশের সব টিভি রিমোটের নিয়ন্ত্রণ পান, তাহলে প্রথমে বিনোদনের চ্যানেল চালু করবেন বলে জানান নিশো। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিনোদনের যে চ্যানেল আছে, সেটাই প্রথমে চালু করতাম। আর যে চ্যানেল দেখতে কোনো টাকা লাগে না (হাসি)। যেখানে মানুষ সহজে কনটেন্ট দেখতে পারত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাটকের প্রেমিক চরিত্রদের অভিযোগ

নাটকের প্রেমিক চরিত্রগুলো যদি একসঙ্গে বসে আড্ডা দিত, তারা কী অভিযোগ করত—এমন প্রশ্নের জবাবে নিশো হেসে বলেন, ‘আচ্ছা, আমরা সবাই মিলে প্রেমটা করতেছি ক্যান? প্রেম ছাড়াও তো আরও অনেক কিছু করার আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনয় ছেড়ে গাড়ির মেকানিক হতে চান

যদি অভিনয় ছেড়ে অন্য পেশায় যেতে হয়, তাহলে তিনি গাড়ির মেকানিক হয়ে মানুষকে অবাক করবেন। নিশো বলেন, ‘অবাক করার কথা যদি বলি, গাড়ির মেকানিক হয়ে যেতাম। কারণ, গাড়ির প্রতি আমার ঝোঁক ও বোঝাপড়া অনেক ভালো। একজন মেকানিক গাড়ির যতটা বোঝেন, কোনো অংশে আমি কম বুঝি না।’

মিম ভাইরাল হলে সিরিয়াস নেন না

নিজেকে নিয়ে বানানো একটি মিম ভাইরাল হলে তিনি লাইক দেবেন নাকি নির্মাতাকে খুঁজে বের করবেন—জানতে চাইলে নিশো বলেন, ‘যদি চোখে পড়ে, আমি সেটার মুডে থাকব। মিমই তো, এত সিরিয়াসলি নেওয়ার কী আছে?’

জীবনের ব্যাকগ্রাউন্ড মিউজিক রোমান্টিক

যদি জীবনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সারাক্ষণ বাজত, তাহলে সেটা রোমান্টিকই বাজত বলে জানান নিশো। তিনি বলেন, ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক রোমান্টিকই বাজত। কারণ, এটা সুদিং মিউজিক। থ্রিল তো টায়ার্ড করে ফেলবে। কমেডি তো চাই না।’

পরিবারের কাছে বাজার করার তাগিদ

এত সিরিয়াস ও রোমান্টিক চরিত্র করলেও বাসায় গিয়ে তাকে ‘নাটক-সিনেমা বাদ দিয়ে আগে বাজারটা করে আনো’ শুনতে হয় বলে জানান নিশো। তিনি বলেন, ‘শুনতে হয়। সিনেমায় কাজ করার কারণে এখন পরিবারকে অনেক সময় দিতে পারি, আগে নাটক করার সময় পারতাম না। আগে শুনতে হতো না, কারণ এটাও জানত যে বলেও কোনো লাভ নাই। এখন যেহেতু সময় পাই পরিবারও প্রত্যাশা করে। তাই এ রকম কথা শুনতে হয়, ‘ঢংটং না কইরা একটু বাজার কইরা নিয়া আসো।’ (হাসি)’

নায়িকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ‘আনপ্রেডিকটেবল’

নিশোর সব অনস্ক্রিন নায়িকা যদি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন, তাহলে গ্রুপের নাম হতে পারে ‘আনপ্রেডিকটেবল’। তিনি বলেন, ‘নায়িকারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে নাম হবে ‘আনপ্রেডিকটেবল’। কারণ, জীবনটাই আনপ্রেডিকটেবল। আর আমার জীবনের সঙ্গে আনপ্রেডিকটেবল বিষয় যায় বেশি।’

সকালে ঘুম থেকে ওঠায় কম নম্বর

নায়িকারা যদি নিশোকে একটি রিপোর্ট কার্ড দেন, তাহলে সকালে ঘুম থেকে ওঠার বিষয়ে তিনি সবচেয়ে কম নম্বর পাবেন বলে মনে করেন। বলেন, ‘নায়িকারা চান, তাঁরা আর্লি গেলে আমিও আর্লি যাই। এই অভিযোগটাও থাকতে পারে, ‘উনি খুব সকালে আসতে পারেন নাই, বা খুব সকালে ঘুম থেকে উঠতে পারেন নাই। সকালের ঘুমটা তাঁর অনেক প্রিয়।’

নায়িকাদের প্রতি প্রশ্ন: মেকআপ কি জরুরি?

সব নায়িকাকে একসঙ্গে বসিয়ে একটি প্রশ্ন করার সুযোগ পেলে তিনি জিজ্ঞেস করবেন, ‘খুব মেকআপ করাটা কি জরুরি?’ (হাসি)

ফুটবল দলে কাকে বেঞ্চে বসাবেন

দেশের সব নায়ককে নিয়ে ফুটবল দল বানানো হলে, যিনি খেলতে পারেন না, তাঁকেই বেঞ্চে বসিয়ে রাখবেন বলে জানান নিশো।

শুটিংয়ের প্রেমিকা আর বাসার স্ত্রীর অভিযোগ

শুটিংয়ের প্রেমিকা যদি বলে ‘তুমি আমাকে সময় দাও না’ আর বাসার স্ত্রীও একই অভিযোগ করেন, তাহলে নিশো বলেন, ‘আমাকে একটু সময় দাও না, আহা…! কাজ তো, কাজ। সবার আগে তো কাজটাই করি, তাই না? এত অভিযোগ কিসের, কাজটা করতে দাও না!’

স্ত্রীকে নিয়ে মজার প্রতিক্রিয়া

সহশিল্পী যদি নিশোর স্ত্রীকে ফোন করে বলেন, ‘নিশো আজ প্রেমের দৃশ্যে একটু বেশিই সিরিয়াস ছিল’, তাহলে বাসায় ফিরে কী ব্যাখ্যা দেবেন—জানতে চাইলে নিশো হেসে বলেন, ‘আমার মনে হয় না, এ ধরনের অভিযোগ কেউ করতে পারেন। আমার ওয়াইফ কিন্তু খুবই সেনসিবল। তবে কেন জানি মনে হয়, বউই আমাকে উল্টা প্রশ্ন করবে, নায়িকার সঙ্গে কোনো গ্যানজাম হইছে নাকি—টাকাপয়সা, ডেটটেট দাওনি, এ রকম কিছু হয়নি তো?’ (হাসি)