কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নতুন পোশাকের পাশাপাশি ‘প্রি-লাভড’ (তারকাদের ব্যবহৃত) ও পরিবেশবান্ধব ফ্যাশন বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’।
প্রদর্শনীর স্থান ও সময়
১৯ ও ২০ মে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের ‘আলোকী কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সব বয়সী দর্শনার্থীদের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে।
আয়োজনের লক্ষ্য
ঈদের ফ্যাশন মানেই শুধু একদম নতুন পোশাক— এমন চেনা ধারণা থেকে বেরিয়ে এসে সচেতনতা, রিওয়্যার (পুনর্ব্যবহার), পরিবেশবান্ধব জীবনধারা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে দর্শনার্থীরা এক ছাদের নিচে পাবেন দেশের নামী তারকাদের ব্যবহৃত ও যত্নে সংরক্ষিত পোশাক, নতুন ঈদ ফ্যাশন, দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং রিওয়্যার কালচারের দারুণ সব কালেকশন।
বিশেষ অতিথি
এই আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন দেশের ত্বক, সুস্থতা ও হোলিস্টিক ওয়েলবিং বিষয়ের পরিচিত মুখ ডা. তাওহিদা রহমান ইরিন। পরিবেশবান্ধব ফ্যাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সৌন্দর্য কেবল বাহ্যিক নয়; বরং এটি একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন লাইফস্টাইলের প্রতিফলন। পরিবেশবান্ধব রিইউজ, আপসাইক্লিং, রিসাইক্লিং এবং রিওয়্যার কালচারের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
ডা. তাওহিদা রহমান এর আগেও দেশের বাইরে এই ধরনের ‘সাসটেইনেবল ফ্যাশন’ ও ‘কনশাস লিভিং’ ভিত্তিক আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে বর্তমানে ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর প্রভাব কমাতে উন্নত বিশ্বে এই ধারণা অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি সচেতনতামূলক ও পরিবেশবান্ধব আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
ফাস্ট ফ্যাশনের বিকল্প
বর্তমান সময়ে ফাস্ট ফ্যাশনের জোয়ারে টেক্সটাইল বর্জ্য এবং পরিবেশগত বিপর্যয় আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেই সংকটময় জায়গা থেকে ‘সেলিব্রিটি আর্কাইভ’ মূলত রেসপনসিবল ফ্যাশন বা দায়িত্বশীল ফ্যাশনের ধারণাকে তুলে ধরছে। আয়োজকদের মূল বার্তা হলো— একটি পোশাক শুধুমাত্র একবার ব্যবহারের জন্য নয়, বরং সঠিক সংরক্ষণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে সেটি দীর্ঘ সময় পরিবেশের ক্ষতি না করে ফ্যাশনেবল উপায়ে ব্যবহার করা সম্ভব।
প্রথম দিনের প্রতিক্রিয়া
ঈদের কেনাকাটায় বৈচিত্র্য আর সচেতনতার খোঁজে প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে ফ্যাশন সচেতন ঢাকাবাসীর বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা তারকাদের ব্যবহৃত পোশাক দেখতে ও কিনতে আগ্রহী ছিলেন, পাশাপাশি পরিবেশবান্ধব ফ্যাশনের ধারণা সম্পর্কে জানতে পারেন।



