আশির দশকের অভিনেত্রী রঞ্জিতা কনা ছিনতাইকারীর হামলায় কান ছেঁড়ার শিকার
অভিনেত্রী রঞ্জিতা কনা ছিনতাইকারীর হামলায় কান ছিঁড়ে আহত

ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা সম্প্রতি এক ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন। রাজধানীর রামপুরা এলাকায় এক ছিনতাইকারী তার কানের দুল টেনে নেওয়ার সময় তার কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। রোববার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ ঘটনা জানিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে তিনি এফডিসিতে গিয়েছিলেন। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ উপভোগ করে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন। অভিনেত্রী জানান, রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন ছিনতাইকারী তাকে অনুসরণ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তার কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে কানের একটি অংশ ছিঁড়ে যায় এবং রক্তপাত শুরু হয়।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার কানে সাতটি সেলাই দিতে হয়। ফেসবুকে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেত্রীর বক্তব্য

তিনি আরো বলেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নাই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।’ ঘটনার পর সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন দেন রঞ্জিতা। পরে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহায়তা ও চিকিৎসা

এ প্রসঙ্গে জয় চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমি রাতে হঠাৎ দেখি রঞ্জিতা আপুর মোবাইল ফোন থেকে তিনটি কল ও একটি এসএমএস। সেখানে লেখা জরুরি। পরে ফোন দিয়ে জানতে পারি রঞ্জিতা আপুর অবস্থা। সঙ্গে সঙ্গে চলে যাই। হাসপাতালে গিয়ে দেখি তখনো রক্ত থামছিল না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কানে সেলাই দেওয়া হয়। তার সুস্থতার জন্য দোয়া চাই।’

জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জিতা। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে বাসায় নেওয়া হবে বলে জানিয়েছেন জয় চৌধুরী। এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। তবে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

অভিনয় জীবন

আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। সেই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বাপ্পারাজের বিপরীতে। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।