বাংলাদেশে নেটফ্লিক্সে শীর্ষে ‘ব্লাস্ট’, ‘লক আপ’ ও ‘এনোলা হোমস ৩’
বাংলাদেশে নেটফ্লিক্সে শীর্ষে ‘ব্লাস্ট’, ‘লক আপ’ ও ‘এনোলা হোমস ৩’

বাংলাদেশের নেটফ্লিক্স দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি দেখা হচ্ছে তামিল অ্যাকশন-ড্রামা ‘ব্লাস্ট’। সুবাস কে রাজ পরিচালিত সিনেমাটি গত ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সাড়া ফেলে এবং ওটিটিতে এসেও সেই ধারা অব্যাহত রেখেছে। সিনেমাটিতে পারিবারিক আবেগ, মার্শাল আর্ট ও টান টান অ্যাকশনের মিশ্রণ ঘটেছে। সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে দ্রুতগতির চিত্রনাট্য ও অ্যাকশনের ভারসাম্য প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন অর্জুন সারজা, অভিরামি ও প্রীতি মুখুন্ধন।

‘এনোলা হোমস ৩’ দ্বিতীয় স্থানে

তালিকার দুই নম্বরে রয়েছে ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এতে শার্লক হোমসের ছোট বোন এনোলা নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করে। মাল্টার মনোরম প্রকৃতি ও জটিল রাজনীতির প্রেক্ষাপটে গল্প এগিয়েছে। এনোলা হোমস মাল্টায় তার প্রিয় মানুষ টিউকসবারিকে বিয়ে করতে গেলে শার্লক রহস্যজনকভাবে নিখোঁজ হন। বিয়ের অনুষ্ঠান ছেড়ে এনোলা তদন্তে ঝাঁপিয়ে পড়েন এবং চুরি হওয়া সোনা, দুর্নীতি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল খুঁজে পান। ফিলিপ বারান্তিনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, লুই পার্ট্রিজ, হেনরি ক্যাভিল, হেলেনা বনহ্যাম কার্টার ও শ্যারন ডানকান ব্রুস্টার।

‘ভূত বাংলা’ তৃতীয় স্থানে

প্রিয়দর্শন পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ তৃতীয় স্থানে রয়েছে। উত্তরবঙ্গের মঙ্গলপুর গ্রামে বিয়ের আগের রাতে নববধূ ও পরিবারের সদস্যরা গায়েব হয়ে যান। অর্জুন (অক্ষয়) লন্ডন থেকে এসে বোন মীরার বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে রহস্যের মুখোমুখি হন। মুক্তির পর সিনেমাটি খুব একটা ব্যবসা করতে পারেনি, কিন্তু ওটিটিতে দেশি দর্শকেরা পছন্দ করেছেন। এতে পরেশ রাওয়াল, যীশু সেনগুপ্ত, মিথিলা পালকার, রাজপাল যাদব ও টাবু অভিনয় করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘ভয়েসমেল ফ্রম ইসাবেল’ ও ‘রাজা সাব’

চতুর্থ স্থানে রয়েছে রোমান্টিক কমেডি ‘ভয়েসমেল ফ্রম ইসাবেল’। একটি পুরোনো ভয়েসমেল ঘিরে শুরু হয় বহু বছর ধরে চাপা পড়ে থাকা সত্যের অনুসন্ধান। লিয়া ম্যাককেন্ড্রিক পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিক রবিনসন ও জোয়ি ডয়চ। পঞ্চম স্থানে রয়েছে প্রভাস অভিনীত হরর-কমেডি ‘রাজা সাব’। রাজু তার দাদি গঙ্গার সঙ্গে থাকে এবং একদিন তাকে নির্বাসিত দাদাকে বাড়ি ফিরিয়ে আনতে পাঠানো হয়। এ যাত্রায় রাজু জানতে পারে তার পরিবার একসময় রাজবংশের অংশ ছিল। মারুথি পরিচালিত সিনেমাটিতে প্রভাস ছাড়াও সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল ও মালবিকা মোহনন অভিনয় করেছেন।

সিরিজে শীর্ষে ‘লক আপ’

সিরিজ তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র দ্বিতীয় মৌসুম। চার বছর বিরতির পর শুরু হওয়া এ মৌসুমে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের গোপন অধ্যায় ক্যামেরার সামনে প্রকাশ করতে হয়। বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌন নির্যাতনের অভিজ্ঞতা ও অপরাধের কথা স্বীকার করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন রাম কাপুর, ধীরাজ ধুপার, হর্ষদ চোপড়া, শিবাঙ্গী জোশি, শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত ও আকাঙ্ক্ষা চৌধুরী। প্রতি শনি থেকে বুধবার রাত ৮টায় নেটফ্লিক্সে নতুন পর্ব প্রকাশিত হচ্ছে।

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২’ দ্বিতীয়

দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ লাইভ-অ্যাকশন সিরিজের দ্বিতীয় মৌসুম। অ্যানিমেটেড সিরিজের ‘বুক টু: আর্থ’ অবলম্বনে নির্মিত এ মৌসুমে দর্শকদের আর্থ কিংডমে নিয়ে যাওয়া হয়েছে। ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, রাজনীতি ও বন্ধুত্বের কাহিনি এখানে মিশেছে।

‘এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড’ তৃতীয়

তৃতীয় স্থানে কোরীয় অ্যাকশন থ্রিলার ‘এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড’। পাঁচ পর্বের সিরিজটি পরিচালনা করেছেন লি সিওয়ং-ইয়ং ও লি সো-ইয়ুন। কেন্দ্রীয় চরিত্র কিম দো-হিয়ন একজন সাধারণ কোম্পানি ম্যানেজার ও একক বাবা, কিন্তু অতীতে তিনি উত্তর কোরিয়ার ব্ল্যাক-অপস ইউনিটের সদস্য ও দ্বৈত গুপ্তচর ছিলেন। তার মেয়ে মিন-জি অপহৃত হলে তিনি পুরোনো পরিচয়ে ফিরে অপরাধী চক্র ও শত্রুদের মোকাবিলা করেন। এতে অভিনয় করেছেন সো জি-সাব ও চোই ডায়ে-হুন।

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ ও ‘টিচ ইউ আ লেসন’

চতুর্থ স্থানে রয়েছে সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। মামলা ও সমালোচনার পর ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলেও নতুন মৌসুম নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে প্রচারিত হচ্ছে। এটি ভারতীয় ডিজিটাল বিনোদনে প্রথম বড় আকারের সিমুলকাস্ট। পঞ্চম স্থানে রয়েছে নেটফ্লিক্স কোরিয়ার সিরিজ ‘টিচ ইউ আ লেসন’। ওয়েবটুন ‘গেট স্কুলড’ অবলম্বনে নির্মিত সিরিজটি বর্ণবৈষম্য ও সহিংসতা নিয়ে বিতর্কিত। পরিচালক হং জং-চ্যান বিতর্ক সম্পর্কে সচেতন ছিলেন বলে জানিয়েছেন।