আদিবাসী তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে পাঁচ দিনের কর্মশালা শেষ
আদিবাসী তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা শেষ

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ দিনব্যাপী এক কর্মশালা সম্পন্ন হয়েছে। গত রোববার থেকে আজ বৃহস্পতিবার (১৭-২১ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে ইউনেসকো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র ক্রিহ্যাপ ও অনুবাদ। ইউনেসকোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মশালায় অংশগ্রহণ ও দক্ষতা অর্জন

শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় সিলেট বিভাগের তিনটি সম্প্রদায়—বিষ্ণুপ্রিয়া, মেইতেই ও চা জনগোষ্ঠী থেকে ১৫ জন আদিবাসী তরুণ অংশ নেন। কর্মশালার মাধ্যমে তারা সাংস্কৃতিক ঐতিহ্যের কমিউনিটিভিত্তিক তালিকাকরণে ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। এর মধ্যে রয়েছে মৌখিক ঐতিহ্য, সাংস্কৃতিক চর্চা, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং আদিবাসী জ্ঞানব্যবস্থার নথিভুক্তকরণ।

প্রশিক্ষক ও কার্যক্রম

কর্মশালাটি পরিচালনা করেন ইউনেসকো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ আলেকজান্দ্রা ডেনেস এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশিক্ষক রিফাত মুনিম। কারিগরি সেশন এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রবীণ ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি কাজ করেন। তারা নিজেদের সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান শনাক্ত, নথিভুক্ত ও খসড়া তালিকা প্রস্তুত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধি ও প্রধান সুসান ভাইজ বলেন, তরুণেরা শুধু ভবিষ্যতের ঐতিহ্য সংরক্ষণকারী নন, তারা বর্তমান সময়েরও সক্রিয় সাংস্কৃতিক অংশীদার। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কমিউনিটিভিত্তিক তালিকাকরণ, সাক্ষাৎকার গ্রহণ, অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন, নৈতিক গবেষণা পদ্ধতি এবং অবহিত সম্মতি প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। তিনি জোর দিয়ে বলেন, এই পুরো প্রক্রিয়ায় কমিউনিটির ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ক্রিহ্যাপের মহাপরিচালক ঝাং জিং বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কমিউনিটিভিত্তিক তালিকাকরণ ও নথিভুক্তকরণে তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই কর্মশালা আদিবাসী তরুণদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সক্রিয় রক্ষক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা

কমলগঞ্জের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের অংশগ্রহণকারী তৃষা সিনহা বলেন, নিজের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ শুরু করার পর কর্মশালাটি তার জন্য অনেক অর্থবহ হয়ে উঠেছে।

কমলগঞ্জের শমশেরনগরের চা জনগোষ্ঠীর অংশগ্রহণকারী জিয়ানা মাদ্রাজি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চা জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। বিশেষ করে পাতিচকা ঐতিহ্য নিয়ে তাদের দলের গবেষণার মাধ্যমে। এই কর্মশালা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার কথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতা

বাংলাদেশে ইউনেসকো-ক্রিহ্যাপের পূর্ববর্তী যুব উদ্যোগগুলোর ধারাবাহিকতায় আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল কমিউনিটি-নেতৃত্বাধীন ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করা।