গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের গানে। রাজধানীর শেরাটন হোটেলে শনিবার সন্ধ্যায় এই আসর বসে।
সাবিনা ইয়াসমিনের গান
সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠান শুরু হলেও সাবিনা ইয়াসমিন মঞ্চে ওঠেন রাত সাড়ে ৯টায়। তিনি ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে শুরু করে একে একে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘চিঠি দিও’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ওগো বন্ধু কাছে থেকো’ এবং ‘শুধু গান গেয়ে পরিচয়’সহ আরও অনেক গান শোনান।
এর আগে সন্ধ্যায় সংগীতশিল্পী সাব্বির জামান পাঁচটি গান পরিবেশন করেন।
নবনির্বাচিত কমিটির শপথ
অনুষ্ঠানে গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়। পরপর দুইবার বিজয়ী সভাপতি ওমর সাদাত নতুন কমিটির নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণও তুলে ধরা হয়।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
শপথ শেষে নবনির্বাচিত কমিটির আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে ওমর সাদাত বলেন, ‘গুলশানকে একটি আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে বর্তমানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজউক ও ডিএনসিসির সহায়তায় এলাকার দখলবাজি ও ডাম্পিং সমস্যার সমাধান করে গুলশানকে একটি আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই এই নতুন পরিষদের মূল লক্ষ্য।’



