পশ্চিমবঙ্গে নির্বাচনী হাওয়া বদলের সঙ্গে পালাবদল হয়েছে ক্ষমতাসীন দলের। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। এই পালাবদলের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
বিজেপির শপথ অনুষ্ঠানে ইমন চক্রবর্তী
শনিবার (৯ মে) কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইমন চক্রবর্তীর গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই শিল্পীর এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
নির্বাচন পরবর্তী নীরবতা
নির্বাচনপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমেও কোনো মন্তব্য করেননি। তবে গুঞ্জন উঠেছে যে তিনি আজ বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাইবেন।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সেই অনুষ্ঠানে গান গাইবেন ইমন চক্রবর্তী। রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে একটি সূত্র জানায়।
তৃণমূলের ঘনিষ্ঠ থেকে বিজেপি মঞ্চে
তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি ইমন চক্রবর্তীকে। দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তিনি প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেন। রাজ্যসরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ ও ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা লাভ করেন তিনি। এমনকি গত নির্বাচনের আগেও সরকারের হয়ে প্রচার ও সংগীত পরিবেশনায় তাকে সক্রিয় দেখা গেছে। কোনো এক অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ইমন চক্রবর্তী বলেছিলেন— ‘দিদি যেখানে আমি সেখানে’।
এই পরিবর্তন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইমন চক্রবর্তীর এই সিদ্ধান্তকে অনেকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, এটি শিল্পীর ব্যক্তিগত পছন্দ।



