জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১)। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ রুবেল মন্ডল মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পরিবারের বক্তব্য
পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি স্থানীয় এক দালালের মাধ্যমে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান রুবেল। তিনি মক্কা নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে কাজ করতেন এবং নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন ও বেতনও পাঠাতেন। গত ১৬ এপ্রিল বিকেল থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ওই দিন বিকেল ৪টার দিকে দেশে থাকা তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।
মায়ের আবেদন
নিখোঁজ রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার আদরের ছোট ছেলে রুবেল। আজ ২৩ দিন ধরে তার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কেমন আছে আমরা কিছুই জানি না। সরকারের কাছে আবেদন, আমার ছেলেকে খুঁজে দিন।’
ভাইয়ের উদ্বেগ
রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা চার ভাই। সে ২৩ দিন ধরে নিখোঁজ। আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
প্রশাসনের পদক্ষেপ
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। সৌদি আরবে মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ রয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’



