কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-এতাইবি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মত প্রকাশ করেন।
নেতানিয়াহু ও আইআরজিসির অবস্থান
আল-এতাইবি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে সমঝোতার যে প্রচেষ্টা চলছে, তা নেতানিয়াহু ও আইআরজিসির মোটেও পছন্দ হচ্ছে না। মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করলেও এখনো বেশ কিছু বিষয় চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিজয়ী হিসেবে আবির্ভূত হওয়ার প্রতিযোগিতা
তার মতে, চূড়ান্ত সমঝোতার আগে উভয় পক্ষই এমন একটি অবস্থান নিশ্চিত করতে চাইবে, যাতে তাদেরকে বিজয়ী হিসেবে দেখা যায়। দুপক্ষেরই চিন্তা থাকবে— চাপের মুখে সমঝোতা করেছে, এমন ধারণা যাতে না তৈরি হয়।
ট্রাম্পের অবস্থান
এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন কোনও চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
ইরানের অনড় অবস্থান
ইরান আগের মতোই নিজের জায়গায় অনড়। তারা তাদের জাতীয় স্বার্থে ছাড় দেবে না। এমনকি জব্দকৃত অর্থ অবমুক্তসহ নতুন কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে। তেহরান কড়া ভাষায় বলেছে, যদি এসব মানা হয় তবেই হবে চুক্তি।



