পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইসরায়েলকে ৯ দেশের কঠোর হুঁশিয়ারি
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইসরায়েলকে ৯ দেশের হুঁশিয়ারি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণ না করতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন পশ্চিমা ৯টি দেশের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি

শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। যৌথ বিবৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডস।

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি বর্তমানে উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক আইনে বসতি অবৈধ

তারা স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। এর পাশাপাশি তারা সতর্ক করে দিয়ে বলেন, সেখানকার বিতর্কিত ‘ই-১’ এলাকায় নতুন করে ঘরবাড়ি নির্মাণ করা হলে তা পুরো পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে, যা আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আইনি জটিলতা এবং প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে পশ্চিমা নেতারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে ‘ই-১’ অঞ্চল কিংবা অন্য কোনও ইসরায়েলি বসতি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের দরপত্রে অংশ না নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন

বিবৃতিতে নেতারা আলোচনার মাধ্যমে একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: সিনহুয়া

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ