আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কিছু অংশজুড়ে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এটি দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এবং লাখ লাখ মানুষ এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।
সূর্যগ্রহণের পথ ও সময়
ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের পথটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও স্পেনের বড় অংশের ওপর দিয়ে যাবে। এই অঞ্চলে অবস্থানকারী পর্যবেক্ষকেরা দেখতে পাবেন, চাঁদ কয়েক মিনিটের জন্য পুরোপুরিভাবে সূর্যকে ঢেকে ফেলেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি হবে ১৯৯৯ সালের পর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ, যা ইউরোপের বিস্তৃত অঞ্চলে দেখা যাবে। এ নিয়ে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী মানুষ এবং পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সেরা পর্যবেক্ষণ স্থান
স্পেন ও আইসল্যান্ড থেকে এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। স্পেনের যেসব অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে, সেখানকার হোটেলগুলোতে ইতিমধ্যে বুকিং দেওয়ার ধুম লেগে গেছে। বিপুলসংখ্যক পর্যটককে সেবা দিতে সেখানে ব্যাপক প্রস্তুতি চলছে।
আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে
ইউরোপের একটি বড় অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও উত্তর আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া।
নিরাপত্তা সতর্কতা
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সূর্যগ্রহণের ধাপগুলো প্রত্যক্ষদর্শীদের অবশ্যই সূর্যগ্রহণ দেখার উপযোগী অনুমোদিত চশমা ব্যবহার করতে হবে। কারণ, খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তবে সূর্যগ্রহণের যে সময়টাতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, তখন খালি চোখে তা দেখা নিরাপদ বলে বিবেচিত হয়।
আগামী সূর্যগ্রহণ
এই সূর্যগ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। সেটি মিসরসহ বেশ কয়েকটি আরব দেশ থেকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।



