মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালিতে টোল বা ফি আরোপের প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কোনও ধরনের টোল বা ফি আদায় ওয়াশিংটন মেনে নেবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন অবস্থান স্পষ্ট
সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতে রুবিও বলেন, এ ধরনের উদ্যোগের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র। তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক নৌপথ। কোনও দেশেরই আন্তর্জাতিক নৌপথে টোল বা ফি আরোপের অধিকার নেই। একই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের সব দেশই এ বিষয়ে একমত হবে বলে তিনি বিশ্বাস করেন।
ইরানের প্রতিক্রিয়া
এদিকে, ইরান বরাবরই হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলে আসছে। এর আগে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, হরমুজ ‘কখনওই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না’। যদিও উভয় পক্ষ প্রণালিটি খোলা রাখতে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়েছে।



