ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইসরায়েল ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে। তিনি বলেন, রাশিয়া কর্তৃক দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চুরি করা শস্য ইসরায়েলের কেনা কোনোভাবেই বৈধ ব্যবসা হতে পারে না।
নিষেধাজ্ঞার প্রস্তুতি
জেলেনস্কি আরও জানান, যারা এই পরিস্থিতি থেকে মুনাফা করার চেষ্টা করছে, কিয়েভ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, এ ধরনের শস্যবাহী আরও একটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং পণ্য খালাসের প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা নয় এবং হতেও পারে না।
কূটনৈতিক তৎপরতা
এর আগে সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া জানান, রাশিয়া অধিকৃত ইউক্রেন থেকে আসা শস্যের চালান ইসরায়েলে প্রবেশের বিষয়ে দেশটির নিষ্ক্রিয়তার অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
ইউক্রেন সরকার দখলকৃত অঞ্চল থেকে শস্য চুরি ও তা বিদেশে বিক্রির ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচনা করছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।



