যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।’ খবর এনডিটিভির।
ঘটনার বিবরণ
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
তদন্ত ও প্রতিক্রিয়া
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাম্প্রতিক ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত রয়েছেন জেনে স্বস্তি পেলাম। তাদের অব্যাহত নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।’
তিনি আরও লেখেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনা স্পষ্টভাবে নিন্দা করা উচিত।’
ঘটনার পর ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রেসিডেন্সি একটি বিপজ্জনক পেশা, কিন্তু তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।



