ওয়াশিংটনের হিলটন হোটেলে শনিবার রাতে এক জমকালো আয়োজনে হঠাৎ ছন্দপতন ঘটে। হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার প্রায় সব সদস্য ও হাজারের বেশি নামীদামি অতিথি।
গুলির শব্দে আতঙ্ক
রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এই আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। অতিথিরা টেবিলের নিচে লুকিয়ে পড়েন। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। পরে সব অতিথিকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য
ঘটনাস্থলে দায়িত্ব পালন করা একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানান, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ট্রাম্পের বিবৃতি
প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, 'আমি ও মেলানিয়া, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সবাই অক্ষত আছি।' সিএনএন কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩০ বছর বয়সী একজন পুরুষ, যিনি ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন।
পরবর্তী ঘটনা
ঘটনার কিছু সময় পর ট্রাম্প দম্পতিকে হিলটন হোটেল থেকে নিরাপদে হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



