বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে— সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও এ ধরনের খবরকে অস্বীকার করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, “টাকা ছাপানোর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনও নীতি অনুসরণ করছে না।”
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে অর্থায়ন করছে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে গভর্নর এমন মন্তব্য করেন।
একই আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও টাকা ছাপানোর বিষয়টি নাকচ করে বলেন, “এ ধরনের নীতি অর্থনীতির জন্য ক্ষতিকর। টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা থেকে অর্থনীতিকে বের করে আনতে হবে। এতে সুদের হার বাড়ে এবং বেসরকারি খাত চাপে পড়ে।”
তিনি আরও বলেন, “উচ্চমাত্রার মুদ্রা সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই সরকারের মূল নীতি।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনীতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছিল, যা এখন পরিবর্তনের পথে রয়েছে।
মন্ত্রী বলেন, “সরকারের লক্ষ্য অর্থনীতির গণতন্ত্রীকরণ নিশ্চিত করা, যাতে অর্থনৈতিক সুবিধা সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। এ লক্ষ্যে নারী ক্ষমতায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং এসএমই ও স্টার্টআপ খাতকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।”
বেসরকারি খাত চাপের মুখে আছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ব্যাংকিং খাতের দুর্বলতা, মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বেসরকারি খাত বর্তমানে চাপের মুখে রয়েছে। তবে, নীতিগত সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি উন্নত করার চেষ্টা চলছে।”



