হরমুজ প্রণালিতে টোল বা শুল্ক আরোপের বিষয়ে ইরানের প্রস্তাব প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি।' হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটিকে সম্পূর্ণ উন্মুক্ত ও টোলমুক্ত দেখতে চায়।
ট্রাম্পের বক্তব্য
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আপনারা যেমনটা জানেন, আমাদের অবরোধের কারণে হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এই অবরোধ ১০০ ভাগ কার্যকর হয়েছে। কেউ এটি ভেদ করে যেতে পারেনি; এটি ঠিক একটি ইস্পাতের দেয়ালের মতো।'
প্রণালিটি প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, 'আমরা এটি মুক্ত দেখতে চাই, আমরা কোনও টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলপথ।'
ইরানের দাবি
তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিপরীতে ইরানের আইআরজিসি (ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী) নৌবাহিনীর পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ এই গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় জলপথ অতিক্রম করেছে।
সূত্র: আল জাজিরা



