রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র কিউবার ৯৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট এবং ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে। দেশটির বিচার বিভাগের (ডিওজে) এক কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অভিযোগের প্রক্রিয়া ও সময়সীমা

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযোগ গঠনের বিষয়টি একটি গ্র্যান্ড জুরি কর্তৃক অনুমোদিত হতে হবে। এর সুনির্দিষ্ট সময়কাল তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও এটি খুব দ্রুতই ঘটতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন তিনি। সাবেক এই কিউবান প্রেসিডেন্টের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগটি মূলত বিমান ভূপাতিত করার ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

১৯৯৬ সালের বিমান হামলা

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর আগে জানিয়েছিল, ১৯৯৬ সালে কিউবা কর্তৃক মানবিক সহায়তা সংস্থা ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ পরিচালিত বিমানকে গুলি করে ভূপাতিত করার ঘটনার সঙ্গে এই মামলাটি সম্পর্কিত। ওই ঘটনায় তিনজন মার্কিন নাগরিক এবং একজন কিউবান নাগরিক নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিউবার প্রতিক্রিয়া

এই বিষয়ে মন্তব্যের জন্য কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ সৃষ্টি করার অংশ হিসেবে দেশটিতে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন, যা দ্বীপরাষ্ট্রটিতে কার্যত একটি অবরোধের সৃষ্টি করেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে এবং দেশটির অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ