দুবাই শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে রোববার (১ মার্চ) সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় শহরের নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পালটা হামলার মধ্যেই দ্বিতীয় দিন ধরে শোনা যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী বিভিন্ন গালফ দেশ ও অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান-ইসরাইল সংঘাতের এই ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে। দুবাই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু এবং চলমান হামলা-পালটা হামলা পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক মহলের তৎপরতা এখন জরুরি হয়ে পড়েছে।
