মে মাসে তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির পূর্বাভাস
মে মাসে তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির আশঙ্কা

চলতি মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। পাশাপাশি দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস

পূর্বাভাসে জানানো হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নদ-নদীর পরিস্থিতি

নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়ার তথ্য অনুযায়ী, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভূমিধসের শঙ্কা

এদিকে রবিবার রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে; যা নগরজীবনে নতুন করে ভোগান্তি তৈরি করেছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সক্রিয় থাকায় রবিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮-১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। এর ফলে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।