এপ্রিলে বৃষ্টি বেশি, মে মাসে কালবৈশাখী ও তাপপ্রবাহের পূর্বাভাস
এপ্রিলে বৃষ্টি বেশি, মে মাসে কালবৈশাখী ও তাপপ্রবাহের পূর্বাভাস

সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে মাসজুড়ে তাপমাত্রাও তুলনামূলকভাবে স্বাভাবিকের নিচে ছিল। এখন মে মাসেও স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও কালবৈশাখী ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এপ্রিল মাসের বৃষ্টিপাত ও তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০.৬ ডিগ্রি ও ০.১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। দেশের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে পরিচিত এপ্রিল মাসে সাধারণত গড় তাপমাত্রা থাকে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত এপ্রিল মাসে মাত্র একদিন, ২২ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে গত বছরের মতো টানা তাপপ্রবাহ দেখা যায়নি। মাসজুড়ে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এলেও কয়েক দিনের মধ্যেই তা কমে গিয়ে বৃষ্টি শুরু হয়।

বিভাগভিত্তিক বৃষ্টিপাত

বিভাগভিত্তিক হিসাবে এপ্রিল মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ১৬৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগেও প্রায় ৮০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। শুধু রাজশাহী বিভাগে স্বাভাবিকের তুলনায় সামান্য কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মে মাসের পূর্বাভাস

মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে ৫ থেকে ৬টি কালবৈশাখী ঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তুলনামূলক কম। এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়াবিদের মতামত

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মে মাসের অন্তত ১০ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা সহনীয় থাকবে। এরপর ধীরে ধীরে গরম বাড়তে পারে এবং ১৫ মে’র পর কয়েক দিনের তাপপ্রবাহ শুরু হতে পারে। সব মিলিয়ে মে মাসে আবহাওয়া মোটামুটি সহনীয় থাকলেও মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি ও গরমের দাপট দুটোই দেখা যেতে পারে।