রাজধানী ঢাকা আজ আবারও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ স্থান দখল করেছে। কদিন ধরে বৃষ্টির কারণে দূষণের মাত্রা কিছুটা কম থাকলেও রোববার (৩ মে) সকালে তা আবার বেড়ে সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এ তথ্য উঠে এসেছে।
ঢাকার বায়ুমান সূচক ১৫৪
সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টার রেকর্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। রিয়েল টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সবচেয়ে দূষিত এলাকা বেচারাম দেউড়ি
পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত, যার আইকিউএয়ার স্কোর ১৯৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া র্যাঙ্কিংয়ে থাকা অন্যান্য এলাকাগুলো হলো: ধানমন্ডি, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, দক্ষিণ পল্লবী, উত্তর বাড্ডা, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান লেক পার্ক, বারিধারা লেকসাইড, পেয়ারাবাগ রেললাইন ও গোড়ান।
দূষণের কারণ পিএম ২.৫
ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলা এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।
বিশ্বের অন্যান্য দূষিত শহর
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো: ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৯, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর), ভারতের কলকাতা (১৩৭, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (১৩৭, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর) ও চীনের সাংহাই (১২২, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর)।
বায়ুমান সূচকের মানদণ্ড
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।



