আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (৩ মে) এক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে বিস্তারিত
ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য কেএম নজরুল হক (K M Nazmul Haque) ঢাকা বিমান বন্দরে হাজিদের লাগেজ চুরির ঘটনাটি আমার ফেসবুক স্ট্যাটাস দেখার সাথে-সাথে ধর্ম মন্ত্রী ও বিমান পরিবহণ মন্ত্রীকে অবহিত করেছেন। আমাকে অবাক করে দিয়ে সৌদি আরবের মক্কা শহর থেকে নিজে ফোন দিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
উনি আমার কাছে পুরো ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেছেন ও সেই সাথে হাজিদের লাগেজ চুরির দুঃসংবাদ শুনে খুবই লজ্জিত হয়েছেন। উনি আমাকে জানিয়েছেন যে, উনি উনার মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয় এর সাথে কথা বলে আজ রাত থেকেই হাজিদের লাগেজ চুরি প্রতিরোধে ব্যবস্থা নেবেন। সেই সাথে মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে, উনি নিজে আমার আব্বার সাথে কথা বলে লাগেজ চুরির জন্য দুঃখ প্রকাশ করবেন।
আশাবাদ ও কৃতজ্ঞতা
তিনি বলেন, আমি আশা করছি, আজ রাত থেকে আগত হাজিদের লাগেজ কেটে মালামাল চুরি বন্ধ হবে। প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত সময়ের মধ্যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করার জন্য।
পূর্বের অভিযোগ
উল্লেখ্য, এর আগে এক ফেসবুক পোস্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার গুরুতর অভিযোগ তোলেন মোস্তফা কামাল পলাশ। সঙ্গে লাগেজ কাটার একটি ছবিও জুড়ে দেন তিনি। তার দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ হাজি আসেন। পরবর্তী সময়ে প্রায় দেড়শ’ হাজির লাগেজ কাটা পাওয়া যায়। ওইসব লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে বলে দাবি করেন তিনি। এই কারণে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।



