কক্সবাজার শহরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ আসিফ (২৭)। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম (২০) পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ মারা যান। আশরাফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বক্তব্য
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত হৃদয় ও আসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



