বন্যার পানিতে কলাগাছের ভেলায় ভাসিয়ে লাশ দাফন, সাতকানিয়ায় ঘটনা
বন্যার পানিতে কলাগাছের ভেলায় লাশ দাফন, সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকা থেকে কলাগাছের ভেলায় ভাসিয়ে এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কেওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান (৬০), পেশায় অটোরিকশা চালক। তিনি অসুস্থতাজনিত কারণে ওই দিন বিকেলে মৃত্যুবরণ করেন।

কলাগাছের ভেলায় লাশ নেওয়া

বন্যার পানিতে ফোরকানের বাড়ি, পারিবারিক কবরস্থান ও আশপাশের সব এলাকা প্লাবিত ছিল। ফলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ফকির মুড়া এলাকায় দাফনের সিদ্ধান্ত নেন। কিন্তু পানি ও পথের অবস্থা বিবেচনায় লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হয়। রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভেলায় লাশ নেওয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে।

দাফন প্রক্রিয়া ও স্থানীয় প্রশাসনের বক্তব্য

পরিবারের সদস্যরা জানান, বন্যার কারণে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের দস্তিদারহাটে নিয়ে গিয়ে ফোরকানের লাশের গোসল দেওয়াসহ দাফনের প্রস্তুতি সম্পন্ন করতে হয়। এরপর ফকির মুড়া ঈদগাহ এলাকায় রাত ১০টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ রাশেদুল ইসলাম। পরে পাহাড়ের খাস জায়গায় ফোরকানকে দাফন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ফোরকানদের বসতবাড়ি, কবরস্থান ও চলাচলের পথ প্লাবিত থাকায় তার লাশ কলাগাছের ভেলায় করে শুকনাস্থানে নিয়ে যেতে হয়েছে। এরপর সরকারি জায়গায় কবরস্থানে তাকে দাফন করা হয়।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোন্দকার মাহমুদুল হাসান বলেন, 'বন্যাকবলিত এলাকাটি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সরকারি খাস জায়গায় লাশটি দাফন করা হয়। লাশটি এভাবে ভেলায় ভাসিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না। আমাদের অনেক স্বেচ্ছাসেবক দল প্রস্তুত ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে আমরা দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।'