জামালপুরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু
জামালপুরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮)।

গাইবান্ধায় বজ্রপাতে শামীম মিয়ার মৃত্যু

নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সাপধরীতে বজ্রপাতে সাগর ইসলাম নিহত

অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে। সকাল ৯টার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি পাকাসড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন। সেখানে ১০ থেকে ১২ জন শ্রমিক একসঙ্গে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যেতে থাকেন। এ সময় অন্যরা সামনে এগিয়ে গেলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রশাসনের বক্তব্য

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মন্ডল দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় রাস্তার কাজ থেকে সরে যাওয়ার মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জের সাগর ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ