নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) ও সিরাজগঞ্জ জেলার আকনাদিঘীরচর গ্রামের শুভ মন্ডল। এদের মধ্যে একজন কৃষক, একজন ধান ব্যবসায়ী ও একজন মাছ শিকারি।
ঘটনার বিবরণ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মোতালিব রবিবার সকালে ধনু নদের জগন্নাথপুর ফেরিঘাটে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, বেলা ১১টার দিকে একই উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খা বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে সিরাজগঞ্জের শুভ মন্ডল কয়েকদিন ধরে খালিয়াজুরী হাওড়ের ধান কিনতে কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। রবিবার দুপুরে হাওরে ধান কেনার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনিও ঘটনাস্থলে মারা যান।
প্রতিক্রিয়া
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বলেন, বজ্রঘাতে নিহত তিন ব্যক্তির পরিবারকে নিয়মানুযায়ী সহযোগিতা করা হবে।



