হরমুজ প্রণালিতে জাহাজ উদ্ধারে ট্রাম্পের বিশেষ অভিযান শুরু
হরমুজ প্রণালিতে জাহাজ উদ্ধারে ট্রাম্পের অভিযান শুরু

হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক এক বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে ইরানের অবরোধ ভেঙে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের পথ সুগম করতে চায় ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের ঘোষণা

গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিরপেক্ষ ও নিরপরাধ দেশগুলোর অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব দেশের জাহাজ প্রণালিতে আটকা পড়েছে, তাদের নিরাপদে সরিয়ে নিতেই এই অভিযান চালানো হবে। ট্রাম্প বলেন, ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা ওই দেশগুলোকে জানিয়েছি যে, আমরা তাদের জাহাজগুলোকে নিরাপদে এই সংকীর্ণ জলপথ থেকে বের করে আনব, যাতে তারা স্বাধীনভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে। তবে কোন দেশগুলো সহায়তার অনুরোধ করেছে, তা স্পষ্ট করেননি তিনি।

জাহাজের অবস্থা

ট্রাম্প আরও জানান, আটকা পড়া জাহাজগুলোতে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযানের পথে বাধা দেওয়া হলে তা ‘জোরপূর্বক প্রতিহত’ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্লেষকদের মত

মানবিক উদ্যোগ হিসেবে ট্রাম্প এটি বর্ণনা করলেও, এর কার্যক্রম কেমন হবে বা তেহরানের সঙ্গে কোনও সমন্বয় করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে ইরানের তরফ থেকে প্রতিরোধ আসলে গত ৭ এপ্রিল কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের প্রতিক্রিয়া

এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রণালিতে মার্কিন কোনও হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আজিজি বলেন, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ট্রাম্পের ভ্রান্ত পোস্ট দিয়ে চলবে না! ব্লেইম গেমের দৃশ্যপট কেউ বিশ্বাস করবে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে তারা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেওয়া শুরু করবে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য আমাদের এই রক্ষণাত্মক মিশন অপরিহার্য। তবে এই অভিযানে জাহাজগুলোর চলাচল কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি মার্কিন সেনাবাহিনী।