মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ দীর্ঘায়িত করার নির্দেশ দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ ধরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
তেলের দাম বাড়ছে
বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম টানা আট দিন ধরে বাড়ছে। জুন সরবরাহের জন্য তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জুলাই সরবরাহের আগাম দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলার হয়েছে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ তেলের দাম বেড়েছে।
বাজার অস্থিরতা অব্যাহত
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না। আলজাজিরার সূত্রে জানা গেছে, ইরানের বন্দরে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়লে তেলের দাম আরও বাড়তে পারে।



