লেবাননে ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা ও বার্তা আদান-প্রদান স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সিদ্ধান্ত
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের মতে, আঞ্চলিক বৃহত্তর যুদ্ধবিরতি ব্যবস্থার অন্যতম শর্ত হচ্ছে লেবাননের যুদ্ধবিরতি বজায় রাখা।
আলোচনা বন্ধের শর্ত
তাসনিম জানায়, গাজা ও লেবানন সংক্রান্ত ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশটির আলোচক দল ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা ও বার্তা বিনিময়’ বন্ধ রাখবে। তাসনিমের প্রতিবেদন অনুসারে, ‘গাজা ও লেবানন প্রশ্নে ইরান ও প্রতিরোধ অক্ষের অবস্থান বিবেচনায় না নেওয়া পর্যন্ত কোনও আলোচনা হবে না।’
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
তাসনিমের তথ্য অনুযায়ী, বিবেচনাধীন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া। পাশাপাশি ইসরায়েল ও তার সমর্থকদের ওপর চাপ বাড়াতে বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার বিষয়ও আলোচনা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



